মানিকগঞ্জের ঘিওর উপজেলার ইতিহাসে ২২ নভেম্বর একটি শোকাবহ দিন। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা উপজেলার বিভিন্ন স্থানে, বিশেষ করে তেরশ্রী এলাকায়, নৃশংস গণহত্যা চালায়। সেই হত্যাযজ্ঞে শহীদদের স্মরণে ঐতিহাসিক গণহত্যা দিবস পালিত হয়েছে।
১৯৭১ সালের ২২ নভেম্বর ভোররাতে পাকিস্তানি হানাদার বাহিনী ঘিওরের তেরশ্রী গ্রামে অতর্কিত হামলা চালায়। এ সময় তেরশ্রী এস্টেটের তৎকালীন জমিদার সিদ্ধেশ্বরী প্রসাদ রায় চৌধুরীকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়। একই ঘটনায় তেরশ্রী কলেজের অধ্যক্ষ আতিয়ার রহমানসহ ৪৩ জন নিরীহ গ্রামবাসীকে নির্মমভাবে হত্যা করা হয়।
হত্যাযজ্ঞের পাশাপাশি হানাদার বাহিনী এলাকায় ব্যাপক লুটপাট চালায় এবং অসংখ্য বাড়িঘরে অগ্নিসংযোগ করে।
প্রতি বছর ২২ নভেম্বর ঘিওর উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা তুল-ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান, বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জানে আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক আল মামুন ভূঁইয়া ও মিজানুর রহমান কুদরত।
এ ছাড়া পয়লা বিএনপির সভাপতি মো. মোশারফ হোসেন মানিক, সাধারণ সম্পাদক আল মামুন, উপজেলা শ্রমিক দলের সভাপতি হাবিবুর রহমান হাবিবসহ বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় তেরশ্রী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
এই বাংলা/এমএস