মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা ভূমি অফিসের ফটকের সামনে গভীর রাতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা ভূমি অফিসের ফটকের সামনে সামান্য আগুন লেগেছিল। কিছুক্ষণের মধ্যেই আগুন নিভে যায়। নিরাপত্তাকর্মী মানু তাৎক্ষণিকভাবে তাঁকে বিষয়টি জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে জেলার বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। দৌলতপুর উপজেলা ভূমি অফিসের ফটকের সামনে আগুন দেওয়ার ঘটনার সঙ্গেও তাঁদের সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার বলেন, উপজেলা ভূমি অফিসে অগ্নিকাণ্ডের বিষয়ে তিনি অবগত নন। সাংবাদিকের কাছ থেকেই প্রথম বিষয়টি শুনেছেন। ঘটনাস্থলে গিয়ে খোঁজ নেওয়া হবে।
মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী বলেন, দৌলতপুর উপজেলা ভূমি অফিসে অগ্নিকাণ্ডের বিষয়টি তাঁকে জানানো হয়েছে। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সম্মিলিতভাবে কাজ অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস