ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) মো. আবু সাদিক (সাদিক কায়েম)-এর খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে প্রতিবেশীদের দ্রুত তৎপরতায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুর এলাকায় এ ঘটনা ঘটে।
সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম জানান, গভীর রাতে বাড়ির ছাদে বিকট শব্দ শুনে তাঁর ঘুম ভেঙে যায়। বাইরে বের হওয়ার চেষ্টা করলে ঘরের দরজার সামনে কেরোসিন ও পেট্রোলের মিশ্রণ পড়ে থাকতে দেখেন। এ ছাড়া রাস্তার পাশের জানালায়ও আগুন দেওয়ার চেষ্টার চিহ্ন পাওয়া যায়। আকস্মিক এ ঘটনায় পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।
ঘটনাটি বুঝতে পেরে প্রতিবেশীরা দ্রুত এগিয়ে আসেন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এতে বাড়িঘরের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা বাড়ির দেয়ালে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ওসি আরও জানান, এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি।
এই বাংলা/এমএস