নিজেকে রাসূল দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশের ঘটনায় ইসহাক আলী (৫৪) নামের এক ব্যক্তির ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন কয়েক শ ধর্মপ্রাণ মুসল্লি।
শনিবার দুপুরে বাহাগিলী শুকান ডাঙ্গার হাট থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রায় ১০ কিলোমিটার পথ অতিক্রম করে স্থানীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এর আগে বৃহস্পতিবার নিজেকে ‘রাসূল’ দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন ইসহাক আলী। এ ঘটনায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে শুক্রবার সাইবার সুরক্ষা আইনের মামলায় তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার ইসহাক আলী কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ বাহাগিলী কাচারীপাড়া এলাকার মৃত শমসের মামুদের ছেলে।
শনিবারের মানববন্ধনে বক্তব্য দেন উত্তর দুরাকুটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম দেলোয়ার হোসেন দুলাল, মোস্তাফিজুর রহমান, আব্দুল কাফি, সুমন ইসলাম ও নুরুল ইসলামসহ অন্যরা।
বক্তারা অভিযোগ করেন, ইসহাক আলী নিজেকে ‘রাসূল’ দাবি করার পাশাপাশি পবিত্র কালিমা বিকৃত করেছেন। তাঁর প্রকাশিত ভিডিওতে নিজের শারীরিক লজ্জাস্থানকে আরবি হরফ ‘আলিফ’ এবং নারীদের লজ্জাস্থানকে কাবা শরিফ বলে দাবি করতে দেখা গেছে বলেও তাঁরা উল্লেখ করেন। এ ছাড়া ‘লা ইলাহা ইল্লাল্লাহ ইসহাক আলী রাসূলুল্লাহ’ বলেও প্রচার করেছেন বলে অভিযোগ করেন বক্তারা। তাঁরা ইসহাক আলীর দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল কুদ্দুস বলেন, সাইবার সুরক্ষা আইনের মামলায় অভিযুক্ত ইসহাক আলীকে গ্রেপ্তার করে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এই বাংলা/এমএস