ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল বাজারে অগ্নিকাণ্ডে চারটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় আরও দুটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে রানাপাশা স্কুলসংলগ্ন জহিরুল হক মার্কেটে এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে নাচনমহারের জহিরুল হক মার্কেটে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে মার্কেটের একাধিক দোকানে। এতে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডে একটি পার্টসের দোকান, একটি পেট্রোলের দোকান, একটি ফার্নিচারের দোকান ও একটি চায়ের দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এ ছাড়া আগুনে আরও দুটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
আগুন লাগার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা তা নেভানোর চেষ্টা শুরু করেন। পরে নলছিটি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তাঁরা।
তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় বাসিন্দাদের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
এই বাংলা/এমএস