বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে ঝালকাঠিতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। জেলাজুড়ে বিরাজ করছে বৈরী আবহাওয়া। সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে অসময়ের এ বৃষ্টিতে রোপা আমনসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জেলার অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থা ব্যাহত হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে। বৃষ্টির কারণে বিপাকে পড়েছেন দিনমজুর ও শ্রমজীবী মানুষ। প্রয়োজনের তাগিদে বৃষ্টি উপেক্ষা করে বাইরে বের হলেও স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
কৃষকেরা জানান, মাঠে রোপা আমন ধানের শীষ বের হয়েছে। এ অবস্থায় বৃষ্টির কারণে আমন ধানসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়া দীর্ঘস্থায়ী হলে আমন ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়বেন তাঁরা।
এ বিষয়ে কৃষি বিভাগ জানিয়েছে, বৃষ্টি দীর্ঘস্থায়ী না হলে কৃষিতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই। দুর্যোগপূর্ণ আবহাওয়া কেটে গেলে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং ফসলের ক্ষেত থেকে পানি নেমে যাবে। এতে কৃষির তেমন ক্ষতি হবে না বলে আশা করছে কৃষি বিভাগ।
এই বাংলা/এমএস