পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের রাজুগছ গ্রামের মরহুম শরীফ উদ্দিন আহমেদের ছেলে অবসরপ্রাপ্ত সেনা সিনিয়র ওয়ারেন্ট অফিসার বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে দাফন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টায় শিলাইকুঠি বালাবাড়ি দাখিল মাদরাসা মাঠে এ বীর মুক্তিযোদ্ধার মরদেহে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে তেঁতুলিয়া মডেল থানার একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার হোসাইন রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এক মিনিট নীরবতা পালনের পর একই স্থানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তারেক হোসেন, পঞ্চগড় জেলা জামায়াতের আমির ও তেঁতুলিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী ও বীর মুক্তিযোদ্ধা বশির আলম। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এই বাংলা/এমএস