গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালচক্রের দৌরাত্ম্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ উঠেছে। সরাসরি আবেদন জমা দিতে গিয়ে নানা ধরনের ভুল ধরিয়ে হয়রানি করা হয় বলে অভিযোগ কয়েকজন সেবাগ্রহীতার। পরে বাধ্য হয়ে অতিরিক্ত টাকা দিয়ে দালালের মাধ্যমে আবেদন জমা দিয়েছেন বলেও জানিয়েছেন তাঁরা।
সরেজমিনে দেখা যায়, পাসপোর্ট অফিসের প্রধান ফটকের সামনে কয়েকজন ব্যক্তি সেবাগ্রহীতাদের ডেকে দালালের মাধ্যমে ঝামেলামুক্তভাবে আবেদন জমা দেওয়ার আশ্বাস দিচ্ছেন। অফিসের ভেতরেও দালালদের আনাগোনা দেখা যায়। এ ছাড়া নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের কয়েকজনের বিরুদ্ধে দালালদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
পাসপোর্ট অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা যায়, উপপরিচালক মোক্তার হোসেন কয়েক বছর আগে গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে যোগদান করেন। তাঁর যোগদানের পর থেকে অফিসের সামনে ও ভেতরে দালালচক্রের সদস্যদের প্রকাশ্য আনাগোনা বেড়েছে বলে অভিযোগ রয়েছে।
অন্যদিকে, উপসহকারী পরিচালক আল আমিন আহমেদ নিচতলায় সেবাগ্রহীতাদের আবেদন গ্রহণের দায়িত্ব পালন করছেন। স্থানীয় সূত্র ও দালালচক্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, উপপরিচালক মোক্তার হোসেনের সঙ্গে যোগসাজশে উপসহকারী পরিচালক আল আমিন আহমেদের মাধ্যমে আবেদনপত্রে বিভিন্ন ভুল ধরা হয়। এতে সেবাগ্রহীতারা হয়রানির শিকার হয়ে একপর্যায়ে দালালদের শরণাপন্ন হতে বাধ্য হন বলে অভিযোগ উঠেছে।
সরেজমিনে কথা হয় কাপাসিয়া থেকে পাসপোর্ট করতে আসা আবুল বাশারের সঙ্গে। তিনি বলেন, আগে জন্মনিবন্ধন দিয়ে পাসপোর্ট করেছিলেন। এবার জাতীয় পরিচয়পত্র দিয়ে নতুন করে পাসপোর্ট করতে এসেছেন। নিজে আবেদন জমা দিতে গেলে দুইবার ভুল দেখিয়ে তাঁকে ফেরত দেওয়া হয়। পরে বিরক্ত হয়ে এক দালালের মাধ্যমে অতিরিক্ত ২ হাজার টাকা দিয়ে কোনো ঝামেলা ছাড়াই আবেদন জমা দিয়েছেন।
শ্রীপুর থেকে আসা ওমর ফারুক জানান, তিনি সৌদি আরবে ড্রাইভিং ভিসায় যাওয়ার জন্য পাসপোর্ট করতে এসেছেন। আবেদনে পেশা হিসেবে ‘ড্রাইভার’ উল্লেখ করায় তাঁর আবেদন ফেরত দেওয়া হয়। নিজেকে পেশায় চালক প্রমাণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রত্যয়নপত্র চাওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
টঙ্গী থেকে আসা রিপন জানান, নতুন পাসপোর্টের আবেদন জমা দিতে তিনি তিন দিন ধরে অফিসে আসছেন। প্রতিবারই বিভিন্ন কারণ দেখিয়ে তাঁর আবেদন ফেরত দেওয়া হয়েছে। পরে বাধ্য হয়ে দালালের মাধ্যমে অতিরিক্ত ২ হাজার ২০০ টাকা দিয়ে আবেদন জমা দিয়েছেন।
অভিযোগ রয়েছে, অফিসটিতে দালালচক্রের মাধ্যমে ৬০ শতাংশের বেশি আবেদন জমা পড়ে। দালালদের মাধ্যমে আসা প্রতিটি নিয়মিত আবেদনের বিপরীতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে ফাইলপ্রতি এক হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন অঙ্কের অর্থ লেনদেন হয় বলে দাবি করেছেন সংশ্লিষ্ট সূত্রের কয়েকজন ব্যক্তি। আবেদনে জটিলতা থাকলে কাজের ধরন অনুযায়ী অতিরিক্ত অর্থের চুক্তি করা হয় বলেও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মোক্তার হোসেনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি কল কেটে দেওয়ায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
এই বাংলা/এমএস