সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

পতিত ফ্যাসিবাদী-নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা ও নৈরাজ‍্যের প্রতিবাদে পিবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

দেশব্যাপী পতিত ফ্যাসিবাদী শক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বেলা ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার।

প্রতিবাদ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ঢাকা-পিরোজপুর মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। পরে মিছিলটি পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার। তিনি বলেন, যানবাহনে অগ্নিসংযোগ, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের মতো সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড দেশের শান্তি, স্থিতিশীলতা ও স্বাভাবিক জনজীবনকে ব্যাহত করে। এসব অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকতে হবে।

তিনি আরও বলেন, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার সবসময় শান্তি, প্রগতি ও আইনের শাসনের পক্ষে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু, স্বাভাবিক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি দেশের চলমান অগ্রযাত্রা ও স্থিতিশীলতা বজায় রাখতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যেকোনো ধরনের নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সমাবেশে উপস্থিত অন্যান্য বক্তারাও দেশব্যাপী অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা এবং যেকোনো ধরনের সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান হচ্ছে জ্ঞানচর্চা, গবেষণা ও মুক্তচিন্তার কেন্দ্র। তাই বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ধরনের অপতৎপরতা বা বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। শিক্ষার সুষ্ঠু পরিবেশ অক্ষুণ্ন রাখা এবং যেকোনো অপচেষ্টা মোকাবিলায় বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর

বাগেরহাটের মোরেলগঞ্জে ন্যাশনাল ডেভেলপমেন্ট সোসাইটি (এনডিএস) নামে একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে সাধারণ গ্রাহকদের প্রায় এক কোটি টাকা নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে। রবিবার দুপুর থেকে প্রতিষ্ঠানটির কার্যালয় বন্ধ রয়েছে। সাইনবোর্ড থাকলেও কর্মকর্তা-কর্মচারীদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

অভিযোগ সূত্রে জানা গেছে, মোরেলগঞ্জ উপজেলার নব্বইরশি বাসস্ট্যান্ডসংলগ্ন আর এম আধুনিক হাসপাতালের সামনে একটি ভাড়া বাসায় সম্প্রতি এনডিএসের শাখা কার্যালয় চালু করা হয়। ঋণ প্রদান, সঞ্চয় প্রকল্পসহ বিভিন্ন সুযোগ-সুবিধার আশ্বাস দিয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলেন। পরে বিভিন্ন সুবিধার কথা বলে সদস্য সংগ্রহ শুরু করেন তাঁরা।

একপর্যায়ে সদস্যদের কাছ থেকে সঞ্চয়, ভর্তি ফি ও অন্যান্য খাতের কথা বলে পর্যায়ক্রমে টাকা জমা নেওয়া হয়। এভাবে এলাকার অসংখ্য সদস্যের কাছ থেকে আনুমানিক এক কোটি টাকা সংগ্রহ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

তাঁদের অভিযোগ, রবিবার দুপুর আনুমানিক ১২টার দিকে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা হঠাৎ কার্যালয় বন্ধ করে সংগৃহীত টাকা নিয়ে এলাকা ছেড়ে চলে যান। এরপর থেকে তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যাচ্ছে না। সংশ্লিষ্ট ব্যক্তিদের মুঠোফোনও বন্ধ রয়েছে। এ ছাড়া কার্যালয়ে থাকা আসবাবপত্র ও অন্যান্য মালামালও সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি গ্রাহকদের।

সঞ্চয়ের টাকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগীরা। তাঁদের অনেকেই কষ্টার্জিত অর্থ হারিয়ে আর্থিক সংকটে পড়েছেন। এ ঘটনায় গ্রাহকেরা একত্রিত হয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও টাকা উদ্ধারের দাবিতে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে এনডিএসের মালিক, পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পরিচয় শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি গ্রাহকদের জমা দেওয়া অর্থ উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. শহীদুল্লাহ বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এই বাংলা/এমএস

ঋণ ও সঞ্চয়ের প্রলোভনে মোরেলগঞ্জে গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও, থানায় অভিযোগ