মৌলভীবাজারের শেরপুরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সরকারি জমিতে স্থাপন করা হয়েছে বিশালাকার একটি বিজ্ঞাপনী বিলবোর্ড। অভিযোগ উঠেছে, ওই বিলবোর্ড থেকে আদায় করা ভাড়া যাচ্ছে পাশের মার্কেটের মালিকের পকেটে। সরকারি জমিতে বিলবোর্ড স্থাপন করে একটি বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের কাছ থেকে ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে সৈয়দ সিদ্দেক আলী মার্কেটের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে। এতে সরকারি রাজস্ব আদায় ও জমির ব্যবহার নিয়ে প্রশ্নের পাশাপাশি বিলবোর্ডটির কাঠামোগত নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর মুক্তিযোদ্ধা চত্বরসংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সওজের জমিতে স্থাপন করা হয়েছে বিশালাকার এই বিলবোর্ড। উঁচু লোহার খুঁটির ওপর নির্মিত বিলবোর্ডটির একটি অংশ মহাসড়কের ওপর বিস্তৃত। আশপাশেই রয়েছে বৈদ্যুতিক খুঁটি, ট্রান্সফরমার ও বিদ্যুতের সংযোগ লাইন। ব্যস্ত এই মহাসড়ক দিয়ে দিনরাত চলাচল করে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন।
রোববার (১৫ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, মহাসড়কের পাশে সরকারি জমিতে বিশাল ধাতব কাঠামোর বিলবোর্ডটি দাঁড়িয়ে রয়েছে। এর আশপাশ দিয়ে প্রতিনিয়ত চলাচল করছেন পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা। তাঁদের আশঙ্কা, ঝড়ো হাওয়ায় বিলবোর্ডটি উপড়ে পড়লে প্রাণহানি ও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ক্ষতিগ্রস্ত হতে পারে আশপাশের দোকানপাট ও চলাচলরত যানবাহন।
বিলবোর্ডটির দায়িত্বে থাকা রিসান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাডের প্রতিনিধি আনোয়ার হোসেন বলেন, ‘যে জায়গায় বিলবোর্ড স্থাপন করা হয়েছে, সেখানে বোর্ডের অনুপাতে ২০ শতাংশ হারে সরকারি খাতে রাজস্ব দেওয়া হয়েছে। কোনো ব্যক্তিকে রাজস্ব দেওয়া হয়নি।’
সড়ক বিভাগের অনুমতি নেওয়া হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যাঁ, তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে এবং অনুমতি সাপেক্ষেই স্থাপন করা হয়েছে।’
তবে বিলবোর্ডের ভাড়া কার কাছে দেওয়া হচ্ছে, এ বিষয়ে মার্কেট কর্তৃপক্ষের বক্তব্যে নতুন প্রশ্নের সৃষ্টি হয়েছে। হাজী সিদ্দেক আলী মার্কেটের ব্যবস্থাপনা পরিচালক হাজী লিয়াকত আলী বলেন, ‘ইটা কিয়োর সরকারি জায়গা, ইটা আমি দিয়েছি।’ বিলবোর্ডের ভাড়া প্রসঙ্গে তিনি বলেন, ‘অয় অয়, ইটার ভাড়া আমারে দিবো। সরকারি জায়গা বলতে ইটা আমার জায়গা নায় নি।’
বিলবোর্ডের জন্য দুই লাখ টাকা ভাড়া নেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘কেইগে কয় দুই লাখ টাকা, ৩০ হাজার ২৫ হাজার টাকা! কয়েকগো মানুষ আছইন অতায় বেত্তমিজি কররা।’
অন্যদিকে, সরকারি জমিতে বিলবোর্ড স্থাপন, অনুমোদন ও রাজস্ব আদায়ের বিষয়ে জানতে চাইলে মৌলভীবাজার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী কায়সার হামিদ বলেন, ‘এ বিষয়টি আমার জানা নেই। আপনি ওই জায়গায় থাকলে একটা ছবি তুলে দিয়েন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
সরকারি জমিতে বিলবোর্ড স্থাপনের অনুমোদন রয়েছে কি না, বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের দাবি অনুযায়ী সরকারি কোষাগারে রাজস্ব জমা হয়েছে কি না এবং বিলবোর্ডের বিপরীতে আদায় করা ভাড়া কোন খাতে যাচ্ছে—এসব প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর এখনো পাওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, সওজের জমির সীমানা ও মালিকানা যাচাই করে বিলবোর্ড স্থাপনের অনুমোদন, রাজস্ব পরিশোধের নথি এবং ভাড়া আদায়ের হিসাব খতিয়ে দেখা প্রয়োজন। একই সঙ্গে মহাসড়কের ওপর বিস্তৃত বিলবোর্ডটির কাঠামোগত সক্ষমতা ও জননিরাপত্তার ঝুঁকি পরীক্ষা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা। সরকারি সম্পত্তির ব্যবহার নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ চান স্থানীয়রা।
এই বাংলা/এমএস