শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

১৬ বছর বিনা পারিশ্রমিকে আজান, আবেগঘন আয়োজনে মুয়াজ্জিন সৈয়দ আলীকে বিদায়

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশকালঃ শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

দীর্ঘ ১৬ বছর বিনা পারিশ্রমিকে আজান দেওয়ার দায়িত্ব পালন করেছেন সৈয়দ আলী। এবার বার্ধক্যজনিত কারণে দায়িত্ব থেকে অব্যাহতি চাওয়ায় তাঁকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছে ঝালকাঠি পৌর শহরের পূর্ব চাঁদকাটি বাইতুস সালাম জামে মসজিদ পরিচালনা কমিটি ও মুসল্লিরা।

শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় ইমাম, মুয়াজ্জিন ও মুসল্লিদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে মসজিদ পরিচালনা কমিটি ও মুসল্লিদের পক্ষ থেকে সৈয়দ আলীকে বিভিন্ন উপহারসামগ্রী দেওয়া হয়। দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি মসজিদের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করে বক্তারা প্রশংসা করেন।

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব জানান, সৈয়দ আলী ২০১১ সালে এলজিইডি অধিদপ্তর থেকে অবসরে যাওয়ার পর এ মসজিদে বিনা পারিশ্রমিকে মুয়াজ্জিনের দায়িত্ব পালন শুরু করেন। টানা ১৬ বছর দায়িত্ব পালনের পর বার্ধক্যজনিত কারণে তিনি অব্যাহতি চেয়ে মসজিদ কমিটির কাছে আবেদন করেন। তাঁর দীর্ঘদিনের অবদান স্মরণীয় করে রাখতেই এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

তিনি আরও জানান, সৈয়দ আলীর স্থলাভিষিক্ত হিসেবে নতুন একজনকে মুয়াজ্জিনের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে সম্মান ও শ্রদ্ধার নিদর্শন হিসেবে শারীরিকভাবে সুস্থ থাকা সাপেক্ষে তাঁকে আজীবন এ মসজিদে আজান দেওয়ার অনুরোধ জানিয়েছে কমিটি।

আলোচনা সভায় বক্তব্য দেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফারুক মিয়া, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, মিয়া বাড়ির দারুল কায়েম মাদ্রাসার সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর আলমগীর হোসেন, মসজিদের জমিদাতা ও কমিটির উপদেষ্টা মো. চান মিয়া, সাবেক উপজেলা শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, আব্দুল মতিন, মসজিদের সাবেক সভাপতি মো. সোবহান মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মো. গোলাম মাওলা মুন্সী এবং মিলন হোসেন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠান শেষে সৈয়দ আলীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর