শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

চার বছরে মোংলা বন্দরে জাহাজ আগমন কমেছে ৪২ শতাংশ, চট্টগ্রামমুখী হচ্ছেন ব্যবসায়ীরা

ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশকালঃ শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

পশুর নদীর নাব্য সংকট, পণ্য খালাসে বাড়তি ব্যয় এবং কাস্টমস কার্যক্রমের দীর্ঘসূত্রতায় প্রতিযোগিতার সক্ষমতা হারাচ্ছে দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মোংলা। বড় জাহাজ চলাচলে সীমাবদ্ধতা ও কনটেইনার পরিবহনে বাড়তি খরচের কারণে ব্যবসায়ীদের একটি অংশ এ বন্দর ছেড়ে চট্টগ্রামমুখী হচ্ছেন। এর প্রভাব পড়েছে জাহাজ চলাচলেও। গত চার বছরে মোংলা বন্দরে জাহাজের আগমন কমেছে ৭২৫টি বা প্রায় ৪২ শতাংশ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক বিভাগের তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে বন্দরে ১ হাজার ৭১২টি জাহাজ এসেছিল। ২০২২-২৩ অর্থবছরে এ সংখ্যা কমে দাঁড়ায় ১ হাজার ২২৩টিতে। ২০২৩-২৪ অর্থবছরে আসে ১ হাজার ৮৯টি এবং ২০২৪-২৫ অর্থবছরে ১ হাজার ৫২টি। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে জাহাজ এসেছে ৯৮৭টি। ২০১৬-১৭ অর্থবছরের পর এটিই সর্বনিম্ন জাহাজ আগমনের পরিসংখ্যান।

চার বছরের ব্যবধানে জাহাজের আগমন কমেছে ৭২৫টি বা প্রায় ৪২ দশমিক ৩ শতাংশ। একই সময়ে জাহাজের বহির্গমন কমেছে ৭১৪টি। বিশেষ করে ‘ভারত-বাংলাদেশ প্রটোকল ও অন্যান্য’ শ্রেণিতে জাহাজের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২১-২২ অর্থবছরে এ শ্রেণিতে ৮২৬টি জাহাজ এলেও সর্বশেষ অর্থবছরে এসেছে মাত্র ১৭২টি।

চলতি অর্থবছরেও গতি কম

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসেও জাহাজ চলাচলে উল্লেখযোগ্য উন্নতি দেখা যায়নি। গত সেপ্টেম্বর পর্যন্ত মোংলা বন্দরে এসেছে ২১৩টি জাহাজ এবং বন্দর ছেড়ে গেছে ২০০টি। এ সময়ে মাসিক গড় জাহাজ আগমনের সংখ্যা প্রায় ৭১টি। অথচ আগের অর্থবছরে মাসিক গড় ছিল প্রায় ৮২টি।

বন্দরসংশ্লিষ্টদের আশঙ্কা, এ প্রবণতা অব্যাহত থাকলে জাহাজ আগমনের সংখ্যা আরও কমতে পারে। এতে শিপিং এজেন্সি, বার্থ অপারেটর, পরিবহন ব্যবসা, শ্রমিকসহ বন্দরের সঙ্গে যুক্ত বিভিন্ন সেবা খাত ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

পশুর নদীর নাব্য সংকট বড় বাধা

মোংলা বন্দরের কার্যক্রমের সঙ্গে সরাসরি যুক্ত পশুর নদীর নৌপথ। বঙ্গোপসাগর থেকে এ নদীপথ পেরিয়েই জাহাজগুলো বন্দরে প্রবেশ করে। কিন্তু নদীর বিভিন্ন স্থানে পলি জমে গভীরতা কমে যাওয়া এবং সাগরের মুখে অগভীর বার বা চর সৃষ্টি হওয়ায় বড় জাহাজ চলাচলে বাধা তৈরি হচ্ছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বন্দরের জেটি ও মুরিং বয়ায় ৬ থেকে ৯ দশমিক ৫ মিটার ড্রাফটের জাহাজ ভেড়ানোর সুবিধা রয়েছে। সর্বোচ্চ ২২৫ মিটার দৈর্ঘ্যের জাহাজ বন্দরে আসতে পারে। তবে নৌচলাচল চ্যানেলটি অনেকাংশে জোয়ার-ভাটার ওপর নির্ভরশীল। সারা বছর সর্বোচ্চ ৯ দশমিক ৫ মিটার ড্রাফটের জাহাজ চলাচল করতে পারে। বর্ষা মৌসুমে পূর্ণিমা ও অমাবস্যার জোয়ারে ১০ দশমিক ৫ মিটার ড্রাফটের জাহাজও পার হওয়ার সুযোগ থাকে।

এ সীমাবদ্ধতার কারণে বড় জাহাজ সব সময় সরাসরি বন্দরে প্রবেশ করতে পারে না। অনেক ক্ষেত্রে বহির্নোঙরে অবস্থান করে প্রথমে উল্লেখযোগ্য পরিমাণ পণ্য খালাস করতে হয়। এরপর জাহাজের ড্রাফট কমিয়ে অবশিষ্ট পণ্য নিয়ে বন্দরে প্রবেশ করে। এতে সময়ের পাশাপাশি জাহাজ পরিচালনা, শ্রমিক, লাইটারেজ ও পরিবহন ব্যয়ও বেড়ে যায়।

বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন, খুলনার চেয়ারম্যান ক্যাপ্টেন মো. রফিকুল ইসলাম বলেন, মোংলা বন্দরে আগে থেকেই আমদানি কমে গেছে। এর ওপর নাব্য সংকট পরিস্থিতিকে আরও জটিল করেছে। বড় জাহাজ সরাসরি জেটিতে আনা যাচ্ছে না। বহির্নোঙরে প্রায় অর্ধেক পণ্য খালাস করে বাকি পণ্য নিয়ে বন্দরে প্রবেশ করতে হচ্ছে। এতে জাহাজ পরিচালনা ও পণ্য পরিবহনের ব্যয় বাড়ছে।

তিনি আরও বলেন, একটি জাহাজ বন্দরে আসার দুই থেকে তিন মাস আগে থেকেই জাহাজমালিকেরা বন্দরের নাব্যতা ও অন্যান্য সুবিধা সম্পর্কে খোঁজ নেন। নাব্য পরিস্থিতি অনুকূলে না থাকলে তাঁরা অন্য বন্দর ব্যবহারের সিদ্ধান্ত নেন। আবার কোনো জাহাজমালিক মোংলায় আসতে রাজি হলেও বাড়তি ভাড়া দাবি করেন।

১৯৯৩ সাল থেকে এ ব্যবসার সঙ্গে যুক্ত ক্যাপ্টেন রফিকুল ইসলামের অভিজ্ঞতায়, বন্দরে যে সমস্যা দেখা দেয়, কর্তৃপক্ষ তখন সেটির সমাধানের চেষ্টা করে। তবে সমস্যার মূল কারণ চিহ্নিত করে দীর্ঘমেয়াদি ব্যবস্থা নেওয়া হয় না। তাঁর মতে, বিদেশের নদীবন্দরগুলোর মতো পরিকল্পিত ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে আগামী ১০ থেকে ১৫ বছর নাব্যতা নিয়ে বড় ধরনের দুশ্চিন্তা থাকবে না।

কনটেইনার পরিবহনে চট্টগ্রামমুখী ব্যবসায়ীরা

মোংলা বন্দরে জাহাজ চলাচল কমার আরেকটি কারণ হিসেবে কনটেইনারবাহী জাহাজের সংখ্যা কমে যাওয়ার কথা বলছেন ব্যবসায়ীরা। তাঁদের মতে, নাব্য সংকটের কারণে বড় কনটেইনার জাহাজের চলাচল সীমিত হয়েছে। পাশাপাশি মোংলা থেকে কনটেইনার পরিবহনে বাড়তি খরচ ও সময়সূচির অনিশ্চয়তা ব্যবসায়ীদের বিকল্প বন্দর ব্যবহারে উৎসাহিত করছে।

মোংলা বন্দর বার্থ শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুলফিকার আলী বলেন, বন্দরে জাহাজ চলাচল কমার প্রধান তিনটি কারণ হলো নাব্য সংকট, কনটেইনারবাহী জাহাজের সংখ্যা কমে যাওয়া এবং গ্যাসবাহী জাহাজের আগমন হ্রাস।

তিনি বলেন, আগে যে পরিমাণ কনটেইনার জাহাজ মোংলা বন্দরে আসত, নাব্য সংকটের কারণে এখন তার অর্ধেকেরও কম আসছে। মোংলা থেকে কনটেইনার পরিবহনেও বেশি ভাড়া দিতে হয়। পাশাপাশি জাহাজের সময়সূচি ঠিক রাখা যাচ্ছে না।

জুলফিকার আলী আরও বলেন, নির্ধারিত সময়ে রপ্তানিপণ্য জাহাজে তুলে দিতে না পারলে অনেক ক্ষেত্রে বিদেশি ক্রেতারা পণ্য গ্রহণে অস্বীকৃতি জানান। এতে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির ঝুঁকিতে পড়েন। এ ঝুঁকি এড়াতে অনেকেই চট্টগ্রাম বন্দর ব্যবহার করছেন।

কাস্টমসের ম্যানুয়াল কার্যক্রমে দীর্ঘসূত্রতা

নাব্য সংকটের পাশাপাশি কাস্টমস ব্যবস্থাপনা ও সড়ক যোগাযোগের সীমাবদ্ধতা নিয়েও অসন্তোষ রয়েছে ব্যবসায়ীদের। তাঁদের অভিযোগ, কাস্টমসের ম্যানুয়াল কার্যক্রমের কারণে স্বাভাবিকভাবে এক দিনে সম্পন্ন হওয়ার কথা—এমন কাজেও ১১ দিন পর্যন্ত সময় লাগছে। এতে আমদানি-রপ্তানির প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে এবং পণ্য খালাসে বাড়তি ব্যয় বহন করতে হচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাণিজ্যে দ্রুত পণ্য খালাস, ডিজিটাল কাস্টমস সেবা, নিরবচ্ছিন্ন যোগাযোগ ও নির্ভরযোগ্য শিপিং সূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব ক্ষেত্রে আধুনিকায়ন না হলে শুধু নৌপথের উন্নয়ন দিয়ে বন্দরের প্রতিযোগিতামূলক সক্ষমতা ফিরিয়ে আনা কঠিন হবে। তাঁরা কাস্টমস কার্যক্রম পুরোপুরি ডিজিটাল করা, পণ্য ছাড়ের প্রক্রিয়া সহজ করা, সড়ক যোগাযোগ উন্নত করা এবং বন্দরসংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর দাবি জানিয়েছেন।

কার্গো হ্যান্ডলিংয়ে রেকর্ডের দাবি কর্তৃপক্ষের

জাহাজ চলাচল কমে যাওয়ার বিষয়ে জানতে চাইলে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা জনসংযোগ কর্মকর্তার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।

পরে বন্দর কর্তৃপক্ষের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো লিখিত বক্তব্যে বলা হয়, মোংলা বন্দরে জাহাজ আগমনের সংখ্যা কমলেও কার্গো হ্যান্ডলিংয়ের পরিমাণ তুলনামূলকভাবে অনেক বেড়েছে। ২০১৫-১৬ অর্থবছর থেকে বর্তমান অর্থবছরের মধ্যে সর্বোচ্চ বা রেকর্ড পরিমাণ কার্গো হ্যান্ডলিং হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানায়, ব্যবসা-বাণিজ্য, রাজনৈতিক পরিস্থিতি, মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং বন্দর ব্যবহারের গুরুত্বসহ বিভিন্ন বিষয় জাহাজের গমনাগমনে প্রভাব ফেলে। এসব কারণে জাহাজের সংখ্যা কমতে বা বাড়তে পারে।

দীর্ঘমেয়াদি সমাধানের তাগিদ

মোংলা বন্দরের সক্ষমতা ধরে রাখতে শুধু জাহাজের সংখ্যা বাড়ানোর উদ্যোগ যথেষ্ট নয়। নৌপথের গভীরতা, পণ্য খালাসের গতি, কাস্টমস ব্যবস্থাপনা এবং পরিবহনব্যয়ের মধ্যে সমন্বয় নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পশুর নদীর নাব্যতা রক্ষায় নিয়মিত ও পরিকল্পিত ড্রেজিং, নৌচ্যানেলের গভীরতা পর্যবেক্ষণ এবং দীর্ঘমেয়াদি নদী ব্যবস্থাপনার পাশাপাশি কনটেইনার পরিবহনে ব্যয় কমানো, কাস্টমস সেবা ডিজিটাল করা ও সড়ক যোগাযোগের সীমাবদ্ধতা দূর করার ওপর গুরুত্ব দিচ্ছেন তাঁরা।

মোংলা বন্দর শুধু একটি সমুদ্রবন্দর নয়; দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিল্পায়ন, বিনিয়োগ, কর্মসংস্থান ও আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গেও এর গুরুত্ব জড়িত। চার বছরে জাহাজ আগমন প্রায় ৪২ শতাংশ কমে যাওয়ার পরিসংখ্যান তাই বন্দরটির পাশাপাশি আঞ্চলিক অর্থনীতির জন্যও উদ্বেগের ইঙ্গিত দিচ্ছে। সময়মতো কার্যকর উদ্যোগ নেওয়া না হলে প্রতিযোগিতায় মোংলা বন্দরের অবস্থান আরও দুর্বল হওয়ার আশঙ্কা রয়েছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর