বুধবার, ১১ নভেম্বর ২০২৬

পটুয়াখালী বন্ধুজন সমিতির নির্বাচনে সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউসুফ আলী নির্বাচিত

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

পটুয়াখালীর টাউন কালিকাপুর নতুন বাঁধঘাট এলাকার বন্ধুজন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন খোন্দকার মো. ইউসুফ আলী। একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আতিকুল ইসলাম মামুন মৃধা মনোনয়নপত্র প্রত্যাহার করায় এ পদে আর কোনো প্রার্থী থাকেননি।

বুধবার (১১ নভেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে দুপুরে নির্বাচন পরিচালনা কমিটির কাছে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন জমা দেন মো. আতিকুল ইসলাম মামুন মৃধা। ফলে সাধারণ সম্পাদক পদে খোন্দকার মো. ইউসুফ আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

১৯৯৪ সালে প্রতিষ্ঠিত এ সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৯টি পদে ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সভাপতি পদে মো. রেজাউল করিম, সহসভাপতি পদে মো. রাকিবুল হাসান এবং সাধারণ সম্পাদক পদে মো. আতিকুল ইসলাম প্রার্থিতা প্রত্যাহার করেন। এতে সাধারণ সম্পাদক পদে ইউসুফ আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় বাকি আটটি পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সভাপতি পদে রয়েছেন মো. আতিয়ার রহমান রিপন হাওলাদার (আনারস), মো. আরিফুর রহমান (দেয়ালঘড়ি) ও জিয়াউর হাকিম বাবু (ছাতা)। সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. মিলন মিয়া (বাইসাইকেল) ও মো. লোকমান আকন (তালাচাবি)।

এ ছাড়া ছয়টি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. ইলিয়াস (মোমবাতি), মো. ইলিয়াস হোসেন (হাতি), মো. জসিম মৃধা (আপেল), মো. জামাল মোল্লা (মাছ), মো. দেলোয়ার গাজী (মোরগ), মো. ফিরোজ খান (বালতি), মো. রফিকুল ইসলাম খোকন (ফুটবল), আঃ হালিম তালুকদার (কলস), মোহাম্মদ খোকন তালুকদার (মই) ও সচিন দাস (রিকশা)।

নির্বাচনে মোট ভোটার রয়েছেন ১ হাজার ৮১৪ জন। সমিতির মোট সদস্যসংখ্যা ২ হাজার ৬৩১ জন। সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ২১ নভেম্বর শনিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সদর উপজেলা সমবায় কর্মকর্তা মো. হারুন অর রশিদ। কমিটির অন্য দুই সদস্য হলেন জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মো. ফিরোজ আলম ও মোহাম্মদ নাজমুল হাসান।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর