নীলফামারী জেলা আইনজীবী সমিতির আয়োজনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বিকেলে নীলফামারী বড় মাঠের মিনি স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র জেলা ও দায়রা জজ জিয়া উদ্দিন মাহমুদ। উদ্বোধক হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পারিবারিক আপিল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) আরিফা ইয়াসমিন মুক্তা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোছা. মার্জিয়া খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোহসিন এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার এ কে এম শাহ্ আরেফিন।
বক্তারা বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আইনজীবীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন প্রশংসনীয়। কর্মব্যস্ততার বাইরে খেলাধুলা বিনোদনের পাশাপাশি সুস্থ প্রতিযোগিতার পরিবেশও তৈরি করে।
জেলা আইনজীবী সমিতির সহসভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহসাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সজীব।
টুর্নামেন্টে জেলার ছয়টি উপজেলার আইনজীবীদের পৃথক দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় ডোমার ল-ইয়ার্স অ্যাসোসিয়েশনকে ১-০ গোলে হারিয়ে জয় পেয়েছে নীলফামারী সদর ল-ইয়ার্স ইউনাইটেড।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক ঈসমাঈল হোসেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন, জেলা জজ আদালতের জিপি আবু মোহাম্মদ সোয়েম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আসাদুজ্জামান খান রিনো, অ্যাডভোকেট তৈবুর রহমানসহ জেলা আইনজীবী সমিতির সদস্য ও আমন্ত্রিত অতিথিরা।
এই বাংলা/এমএস