বুধবার, ১১ নভেম্বর ২০২৬

বদুর্নীতির অভিযোগে বরখাস্ত চেয়ারম্যানকে পুনর্বহাল, ‘গ্রেনেড বাবু’কে দায়িত্বে দেখতে চান না স্থানীয়রা

নীলফামারী প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

নীলফামারীর কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী ওরফে ‘গ্রেনেড বাবু’র পুনরায় দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন ইউপি সদস্য ও স্থানীয় বাসিন্দারা। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাঁর বিরুদ্ধে দেওয়া বরখাস্তের আদেশ বহাল রাখার দাবি জানিয়েছেন তাঁরা।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন ইউপি সদস্য মো. গোলাম মওলা, আব্দুল কুদ্দুস, মোশফিকুর রহমান, এজারুল হক, আব্দুল কাদের, হাফিজা বেগম এবং স্থানীয় বাসিন্দা নিপা আক্তারসহ অনেকে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সরকারি খাসজমি অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ, ক্ষমতার অপব্যবহার এবং ইউনিয়ন পরিষদের সরকারি অর্থ ব্যক্তিস্বার্থে ব্যবহারের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৫(১) ও ৩৫(২) ধারায় চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছিল।

তাঁরা বলেন, গুরুতর এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে বরখাস্তের আদেশ দেওয়া হলেও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিদ্ধান্তে চেয়ারম্যান পুনরায় দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। এ সিদ্ধান্তে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে বলে দাবি করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বরখাস্ত হওয়া একজন জনপ্রতিনিধিকে তাঁরা পুনরায় দায়িত্বে দেখতে চান না। জনস্বার্থ ও সুশাসনের বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান তাঁরা।

মানববন্ধন থেকে চেয়ারম্যানের পুনর্বহালের প্রতিবাদ জানিয়ে বরখাস্তের আদেশ বহাল রাখা এবং তাঁকে আর দায়িত্বে ফিরতে না দেওয়ার দাবি জানানো হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর