নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে ২৪ জন শিক্ষকের সার্ভিস বই খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রায় দুই মাস ধরে বইগুলো না মেলায় শিক্ষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এ ঘটনায় শিক্ষা অফিসের বই সংরক্ষণ ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জিপিএফ, সমতা বিল, উচ্চতর স্কেল, চিকিৎসা ভাতা, মাতৃত্বকালীন ছুটি ও অবসরকালীন ভাতাসহ বিভিন্ন বিলের ফাইল তৈরি ও প্রক্রিয়াকরণের কাজে কয়েকজন শিক্ষক নেতার সম্পৃক্ততা ছিল। অভিযোগ রয়েছে, শিক্ষা অফিসের নিজস্ব কর্মচারী থাকা সত্ত্বেও তাঁদের বাইরে কিছু শিক্ষক এসব কাজে প্রভাব বিস্তার করতেন। সার্ভিস বই গ্রহণ ও সংরক্ষণের ক্ষেত্রে যথাযথ রেজিস্টার ও জবাবদিহি অনুসরণ করা হতো কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
শিক্ষকদের অভিযোগ, চাকরিতে যোগদান থেকে অবসর পর্যন্ত ব্যক্তিগত, পেশাগত ও আর্থিক সুবিধাসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সার্ভিস বইয়ে সংরক্ষিত থাকে। ফলে এসব বই হারিয়ে যাওয়ায় বেতন-ভাতা, আর্থিক সুবিধা ও চাকরিসংক্রান্ত বিভিন্ন কাজে জটিলতা তৈরির আশঙ্কা করছেন তাঁরা।
জানা গেছে, গত ১৪ অক্টোবর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. মোসা. মাহমুদা খাতুন সার্ভিস বই খুঁজে বের করতে নয়জন শিক্ষককে নিয়ে একটি কমিটি গঠন করে অফিস আদেশ জারি করেন। কমিটির সদস্যরা প্রথমে ২৬টি সার্ভিস বই খুঁজে না পাওয়ার কথা জানান। পরে দুটি বই পাওয়া গেলেও বাকি ২৪টি বই উপজেলা ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস এবং উপজেলা হিসাবরক্ষণ অফিসে খুঁজে পাওয়া যায়নি।
এ ঘটনায় কয়েকজন শিক্ষক নেতার নাম আলোচনায় এসেছে। তাঁদের মধ্যে সরঞ্জাবাড়ী বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ শরিফের নাম উল্লেখ করছেন কেউ কেউ। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্যও পাওয়া গেছে।
কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রধান শিক্ষক মাহমুদ শরিফ সার্ভিস বইসহ বিভিন্ন বিলের কাজ একটি সিন্ডিকেটের মাধ্যমে করতেন বলে অভিযোগ রয়েছে। তাঁর দাবি, সম্প্রতি ওই প্রধান শিক্ষক গোপনে নয়টি সার্ভিস বই নিয়ে গেলে বিষয়টি জানাজানি হয়। পরে তিনি বইগুলো ফেরত দেন। তবে বই নেওয়ার ক্ষেত্রে শিক্ষা কর্মকর্তার অনুমতি ছিল বলে ওই শিক্ষক জানিয়েছেন।
এদিকে, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী শাহীনুর ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। নোটিশে উল্লেখ করা হয়, গত ২৩ সেপ্টেম্বর তিনি অফিসের অনুমতি ছাড়া কয়েকজন শিক্ষকের সার্ভিস বই সঙ্গে করে নিয়ে যান। এতে দাপ্তরিক কার্যক্রমে বিঘ্ন ও গোপনীয়তা ক্ষুণ্ন হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়। এ বিষয়ে তিন কর্মদিবসের মধ্যে সন্তোষজনক জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ ও প্রশাসনিক বদলির সুপারিশ করার বিষয়টিও নোটিশে উল্লেখ করা হয়।
প্রধান শিক্ষক মাহমুদ শরিফ বলেন, ‘অফিসের স্টাফ সমতা বিল করার সময় না পাওয়ায় আমাকে করতে বললে বইগুলো নিয়ে যাই। গোপনে নিয়ে যাচ্ছি—এমন প্রসঙ্গ উঠলে তাৎক্ষণিকভাবে বইগুলো অফিসে দিয়ে দিই।’
গদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দীপা খাতুন বলেন, ‘চাকরির শুরু থেকে অবসর পর্যন্ত সার্ভিস বুক খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষা অফিসে বই দিয়েছি, তারাই আমাদের বই বের করবে।’
পুটিমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলিমুজ্জান বলেন, ‘শিক্ষকদের সার্ভিস বই সংরক্ষণসহ সংশ্লিষ্ট সব দায়িত্ব শিক্ষা অফিসের। অফিসে যাঁরা দায়িত্ব পালন করেন, তাঁরাই বলতে পারবেন বইগুলো কীভাবে হারিয়ে গেল।’
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. মাহমুদা খাতুন বলেন, ‘এই বিষয়টি আমি কিছু জানি না। তিনি নিজেকে বাঁচানোর জন্য এ কথা বলতে পারেন।’ ২৪টি সার্ভিস বই খুঁজে না পাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমরা খুঁজছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম বলেন, ‘বিষয়টি জেনেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।’
এই বাংলা/এমএস