বুধবার, ১১ নভেম্বর ২০২৬

নগরকান্দায় তথ্য সংগ্রহকালে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

ফরিদপুরের নগরকান্দায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় তাঁদের মারধর করে একটি ভিডিও ক্যামেরা ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে। এ ঘটনায় নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক গোলাম মোস্তফা মিয়া।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার আশফরদী বাজার চৌরাস্তা মোড়ে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে ওজনে কম দেওয়ার অভিযোগের তথ্য সংগ্রহ করতে যান নগরকান্দা রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক ও দৈনিক সরেজমিন বার্তার নগরকান্দা প্রতিনিধি গোলাম মোস্তফা মিয়া। এ সময় তাঁর সঙ্গে ছিলেন রিপোর্টার্স ক্লাবের সদস্য ও দৈনিক গণসংহতির নগরকান্দা প্রতিনিধি সাংবাদিক নজরুল ইসলাম শেখ।

অভিযোগে বলা হয়, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের প্রতি কেজি ১৫ টাকা দরে মাসে ৩০ কেজি চাল দেওয়ার কথা। তবে বিতরণের সময় ওজনে কম দেওয়ার অভিযোগ পেয়ে দুই সাংবাদিক ভিডিও ধারণ করছিলেন। এ সময় লিয়াকত আলী সরদার ওরফে টিটু (৫০), মনির সরদারসহ অজ্ঞাতনামা আরও দুই-তিনজন তাঁদের ওপর অতর্কিত হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা লোহার রড ও কাঠের বাটাম দিয়ে দুই সাংবাদিককে মারধর করেন। একপর্যায়ে লিয়াকত আলী সরদার গোলাম মোস্তফা মিয়াকে অকথ্য ভাষায় গালিগালাজ করে চাল বিতরণের অনিয়মের ভিডিও ধারণে বাধা দেন। এ সময় তাঁকে লক্ষ্য করে লোহার রড দিয়ে আঘাত করা হলে তাঁর বাম হাতের কবজিতে গুরুতর জখম হয়। পরে তিনি মাটিতে পড়ে গেলে মনির সরদার কাঠের বাটাম দিয়ে তাঁকে মারধর করেন। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ফোলা জখম হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ সময় সহকর্মী সাংবাদিক নজরুল ইসলাম শেখ তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা নজরুল ইসলামের কাছ থেকে আনুমানিক ৪৫ হাজার টাকা মূল্যের একটি সনি হ্যান্ডিক্যাম ভিডিও ক্যামেরা এবং গোলাম মোস্তফা মিয়ার প্যান্টের পকেটে থাকা নগদ ৩৫ হাজার ৮০০ টাকা নিয়ে যান। এ ছাড়া ঘটনাটি কাউকে জানালে কিংবা আইনের আশ্রয় নিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে সহকর্মীরা আহত গোলাম মোস্তফা মিয়াকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তিনি চিকিৎসা নেন। কিছুটা সুস্থ হওয়ার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানিয়ে থানায় লিখিত অভিযোগ করেন।

সাংবাদিক গোলাম মোস্তফা মিয়া ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ছিনিয়ে নেওয়া ক্যামেরা ও টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, “সাংবাদিক তথ্য সংগ্রহকালে মারধরের একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর