ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ব্যস্ততম আমুয়া জিরো পয়েন্ট এলাকায় বিরোধপূর্ণ একটি জমিতে রাতের আঁধারে জবরদখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। জমির মালিকানা নিয়ে বিরোধের মধ্যে প্রতিপক্ষ সালমা বেগম টিনের বেড়া দিয়ে আড়াল করে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন জমির মালিকানা দাবিদার মিলন সরদার।
মিলন সরদারের অভিযোগ, নির্মাণকাজ আড়াল করতে জমির সামনের অংশে টিনের বেড়া দেওয়া হয়েছে। এমনকি বাধা এড়াতে ও নিরাপত্তার জন্য ওই বেড়ায় বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন।
এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও অসন্তোষ বিরাজ করছে। এতে স্থানীয় লোকজনের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে।
মিলন সরদার বলেন, সম্প্রতি জমির মালিকানা নিয়ে বিরোধ দেখা দিলে প্রতিপক্ষ জোরপূর্বক দখলের চেষ্টা শুরু করেন। তিনি বলেন, “আমার বৈধভাবে ক্রয়কৃত জমি সালমা বেগম সম্পূর্ণ অবৈধভাবে দখল করে জোরপূর্বক ভবন নির্মাণ করছেন। আমি বাধা দিতে গেলে তিনি ও তাঁর লোকজন আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন।”
অন্যদিকে, অভিযুক্ত সালমা বেগম বলেন, “আগে আমি এই জমি কিনেছি। এটি আমার ক্রয়কৃত সম্পত্তি, তাই আমার জমিতে আমি ভবন নির্মাণ করছি।”
এ বিষয়ে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান জানান, উভয় পক্ষের কাছ থেকেই লিখিত ও মৌখিক অভিযোগ পাওয়া গেছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উভয় পক্ষকেই নির্মাণকাজ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ওসি আরও জানান, এটি জমি-সংক্রান্ত দেওয়ানি বিরোধ। তাই স্থায়ী সমাধানের জন্য উভয় পক্ষকে দ্রুত আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এই বাংলা/এমএস