মানিকগঞ্জের সাটুরিয়ায় সিগারেটের আগুন থেকে শ্রমিকবাহী একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটের দিকে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না ফকিরবাড়ি এলাকায় সাটুরিয়া-গোলড়া পাকা সড়কে এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের শিকার বাসটি পল্লী সেবা পরিবহনের। বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১৪-১৬৫১। এটি তারাসীমা অ্যাপারেলস লিমিটেডের পোশাক কারখানার শ্রমিকদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হতো।
স্থানীয় সূত্রে জানা যায়, সিগারেটের আগুন থেকে বাসটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সাটুরিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
তিনি আরও বলেন, বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত করা হবে।
এই বাংলা/এমএস