মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি, সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং দেশ গঠনে যুবসমাজের ভূমিকা তুলে ধরতে ময়মনসিংহে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর-৪ আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ কামরুল হাসান ও মোহাম্মদ লুৎফর রহমান।
যুব উন্নয়ন অধিদপ্তর, ময়মনসিংহের উপপরিচালক মো. হারুন-অর-রশীদের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন মো. সাইফুর রহমান।
আলোচনা সভায় বক্তারা মাদকমুক্ত সমাজ গঠন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি এবং নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা দেশ গঠনে যুবসমাজকে ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, ময়মনসিংহ যৌথভাবে এ সভার আয়োজন করে।
এই বাংলা/এমএস