রবিবার, ০১ নভেম্বর ২০২৬

ফ্যামিলি কার্ড বা সরকারি ভাতা পেতে টাকা দাবি করলেই কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল

নাটোর প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ১ নভেম্বর, ২০২৬

ফ্যামিলি কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতাসহ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির কোনো সুবিধা পেতে কাউকে টাকা দিতে হবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল। এসব সুবিধা মানুষের অধিকার উল্লেখ করে তিনি বলেন, কার্ড বা ভাতা দেওয়ার নামে কেউ টাকা দাবি করলে তাঁর নাম-পরিচয় জানাতে হবে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের তিনটি রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘ফ্যামিলি কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সরকারের সব ধরনের ভাতা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়। এগুলো আপনাদের অধিকার। আপনারা এই সুবিধা পাবেন। এ জন্য কাউকে কোনো টাকা দিতে হবে না।’

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড কিংবা অন্য কোনো সরকারি ভাতা দেওয়ার কথা বলে কেউ টাকা দাবি করলে তাঁর নাম লিখে তাঁকে জানাতে হবে। ওই ব্যক্তির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা যাতে প্রকৃত উপকারভোগীরা কোনো ধরনের হয়রানি বা আর্থিক লেনদেন ছাড়াই পান, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী। একই সঙ্গে সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে কেউ যেন সাধারণ মানুষের অসহায়ত্বের সুযোগ নিতে না পারে, সে বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো. মেশকাতুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম গোলাম, উপজেলা প্রকৌশলী আওলাদ হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর