নাটোরের নলডাঙ্গায় মাদকবিরোধী যৌথ অভিযানে মাদক সেবনের দায়ে মো. রাসেল (২৮) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত রাসেল নলডাঙ্গা উপজেলার বামনগ্রাম এলাকার মো. মতিউর রহমানের ছেলে।
অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মাদক সেবনের অপরাধে রাসেলকে এ দণ্ড দেওয়া হয়।
অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন নলডাঙ্গা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রুবেল আক্তার। এ সময় নলডাঙ্গা থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
জনস্বার্থে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
এই বাংলা/এমএস