‘হাত ধোয়ার নায়ক হোন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান।
সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, উপজেলা মাধ্যমিক ব্যানবেইস কর্মকর্তা মো. শাহনুর ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ধীরেন্দ্রনাথ রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. ওয়াসিম ইসলাম এবং জনস্বাস্থ্য প্রকৌশলী তুহিন হাসান বিশ্বাস।
বক্তারা বলেন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমাতে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। বিশেষ করে খাবার খাওয়ার আগে, শৌচাগার ব্যবহারের পর এবং শিশুদের পরিচর্যার আগে ও পরে সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়া প্রয়োজন।
তাঁরা আরও বলেন, হাত ধোয়া একটি সাধারণ অভ্যাস হলেও জনস্বাস্থ্য সুরক্ষায় এর গুরুত্ব অপরিসীম। সচেতনতার মাধ্যমে শিশুদের মধ্যে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা গেলে ডায়রিয়াসহ বিভিন্ন জীবাণুবাহিত রোগের ঝুঁকি কমানো সম্ভব। এ জন্য নিজে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও নিয়মিত হাত ধোয়ার বিষয়ে উদ্বুদ্ধ করতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস