ভারতে মুসলিম নির্যাতন, বসতবাড়ি উচ্ছেদ ও মসজিদে হামলার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে পঞ্চগড়ের শেরেবাংলা পার্কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জাগপার জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আসাম থেকে দিল্লি—পুরো ভারতজুড়েই মুসলিমদের ওপর নিপীড়ন ও আগ্রাসন চলছে। তাঁদের দাবি, আসামে ১ হাজার ১০০টি মুসলিম পরিবারের ঘর এবং দিল্লিতে ৬০০টি মুসলিম পরিবারের ঘর ভেঙে দেওয়া হয়েছে। এ ছাড়া দেশজুড়ে মসজিদ ভাঙা হচ্ছে এবং উত্তরাখণ্ডে মাদ্রাসাগুলোর শুক্রবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে বলেও তাঁরা অভিযোগ করেন।
বক্তারা আরও বলেন, ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকার পরিকল্পিতভাবে মুসলিমদের ওপর নির্যাতন চালাচ্ছে। একদিকে ভারত সরকার সম্প্রীতির কথা বলে, অন্যদিকে নিজ দেশের মুসলিমদের ওপর নিপীড়ন চালায়। তাঁরা ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ ও রাষ্ট্রীয় নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
পঞ্চগড় জেলা জাগপা ছাত্রকাফেলার সভাপতি শাহাদাত হোসেন সেলিমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার আলী, সহসভাপতি শামসুজ্জামান নয়ন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারি, সদর উপজেলা সভাপতি আনারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. খোকন ইসলাম, প্রচার সম্পাদক নাজমুল ইসলাম, বোদা উপজেলা সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, আটোয়ারী উপজেলা সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, তেঁতুলিয়া উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন, জেলা যুব জাগপার সাধারণ সম্পাদক মোকসেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন এবং জেলা ছাত্রকাফেলার সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস।
এই বাংলা/এমএস