সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও সমাবেশ

নাটোর প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

 

নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকেরা। এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

সোমবার সকাল সাড়ে ১১টায় ‘নাটোরের সর্বস্তরের সাংবাদিক সমাজ’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এতে নাটোর জেলা ও বিভিন্ন উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা অংশ নেন।

নাটোর ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক নাসিম উদ্দিন নাসিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ইউনিক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও একাত্তর টেলিভিশনের জ্যেষ্ঠ সাংবাদিক বুলবুল আহমেদ, যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ সাংবাদিক নাজমুল হাসান, এনটিভির জ্যেষ্ঠ সাংবাদিক হালিম খান, এখন টেলিভিশনের সাংবাদিক মাহবুব হোসেন এবং চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার দেবাশীষ কুমার সরকার।

সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক আলিফ হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। তাঁর ওপর হামলা ও হত্যাকাণ্ড স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি।

বক্তারা আরও বলেন, দুর্নীতি, অনিয়ম, মাদক, সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতে গিয়ে সাংবাদিকদের নিরাপত্তাহীনতায় ভুগতে হলে মুক্ত সাংবাদিকতা বাধাগ্রস্ত হবে। সত্য প্রকাশের কারণে কোনো সাংবাদিককে যেন জীবন দিতে না হয়, সে জন্য সরকার ও প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাংবাদিক আলিফকে হত্যার হুমকি এবং তাঁর ওপর হামলার আশঙ্কার কথা আগেই প্রশাসনকে জানানো হয়েছিল। এরপরও তাঁর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি। তাঁরা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর