শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ভোলাহাট সীমান্তে বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপের ৪৩ বোতল উদ্ধার

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

 

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুশা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪৩ বোতল কোডিনযুক্ত নেশাজাতীয় ‘ইস্কাফ’ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে ৫৯ বিজিবির অধীন ভোলাহাট বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ১টার দিকে এ অভিযান চালানো হয়। সীমান্ত পিলার ১৯৬/৪-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট উপজেলার ১ নম্বর ভোলাহাট ইউনিয়নের চামুশা গ্রামে মালিকবিহীন অবস্থায় সিরাপের বোতলগুলো উদ্ধার করা হয়।

জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, যুবসমাজ ও দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে। সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর