রবিবার, ১১ অক্টোবর ২০২৬

ঈশ্বরদীতে দুর্গাপূজার নিরাপত্তা জোরদারের নির্দেশ, সিসিটিভির আওতায় ৩৫ মণ্ডপ

ইশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

 

পাবনার ঈশ্বরদীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে নিরাপত্তাব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল। পূজামণ্ডপে নারী ও শিশুদের নিরাপত্তা, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আজ বিকেল সাড়ে ৩টায় ঈশ্বরদী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।

অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, “দুর্গাপূজা যেন সুশৃঙ্খল, নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” পূজামণ্ডপে দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির নেতাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, এ বছর ঈশ্বরদী উপজেলার ৩৫টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সতর্ক রয়েছে। পাশাপাশি ৩৫টি মন্দিরই সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে বলে সভায় জানানো হয়।

সভায় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান, ঈশ্বরদী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান টিপু, সাবেক সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, অনলাইন প্রেসক্লাবের সভাপতি রিফাজ বিশ্বাস লালন, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, ৩৫টি মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং পৌর ও উপজেলা পূজা উদযাপন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর