ঝালকাঠির কাঁঠালিয়ায় উপজেলা মৎস্য দপ্তরের বিশেষ অভিযানে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দ করা জালগুলো প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।
রোববার (১১ অক্টোবর) দিনব্যাপী উপজেলার বিষখালী নদীসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, মা ইলিশ সংরক্ষণ এবং দেশীয় প্রজাতির মাছ ও মৎস্যসম্পদ রক্ষায় এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নদীসংলগ্ন বিভিন্ন স্থান থেকে অবৈধ কারেন্ট জালগুলো জব্দ করা হয়। পরে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্দেশনা অনুযায়ী জালগুলোতে আগুন দিয়ে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মা ইলিশ রক্ষায় গত ৮ অক্টোবর থেকে শুরু হওয়া বিশেষ সংরক্ষণ অভিযান আগামী ২৯ অক্টোবর পর্যন্ত চলবে।
কাঁঠালিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার বলেন, “দেশীয় প্রজাতির মাছ ও মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। অবৈধ জালের ব্যবহার বন্ধে কাউকে ছাড় দেওয়া হবে না। মৎস্যসম্পদ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অভিযানকালে উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস