চট্টগ্রামের বাঁশখালীতে সৃজন মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সকাল ১০টায় বাঁশখালী গার্লস কলেজের হলরুমে সৃজন সাংস্কৃতিক সংসদের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সৃজন সাংস্কৃতিক সংসদের প্রতিষ্ঠাতা পরিচালক জাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন বৃত্তি প্রকল্পের পরিচালক মিসবাহ উল হক ইমন ও শাহরিয়ার মোহাম্মদ শাবেদ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৃজন সাংস্কৃতিক সংসদের উপদেষ্টা ও বরইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশেকুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট ইমরানুল হক, অ্যাডভোকেট আরিফুল হক তায়েফ, অ্যাডভোকেট রাকিবুল ইসলাম, প্রিয় বাঁশখালীর সম্পাদক কাজী শাহরিয়ার, উপদেষ্টা রফিক আহমদ, আব্দুর রশিদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, শিক্ষার্থীদের মেধার বিকাশ, জ্ঞান অর্জন এবং সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। শুধু ভালো ফলাফল অর্জনই যথেষ্ট নয়; এর পাশাপাশি নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও সৃজনশীলতার বিকাশেও গুরুত্ব দিতে হবে।
বক্তারা আরও বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে মেধাবৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি করে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত হবে।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। অষ্টম সৃজন মেধাবৃত্তি পরীক্ষায় ১৮ জন ট্যালেন্টপুল, ২১ জন এ গ্রেড এবং ৪৬ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
উল্লেখ্য, ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে সৃজন সাংস্কৃতিক সংসদ নিয়মিত সৃজন মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। বর্তমানে নবম সৃজন মেধাবৃত্তি পরীক্ষার নিবন্ধন কার্যক্রম চলছে।
এই বাংলা/এমএস