বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

কর্ণফুলীতে বিতর্ক উৎসব ঘিরে শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

শ্রেণিকক্ষের প্রচলিত পাঠের গণ্ডি পেরিয়ে যুক্তি, মুক্তচিন্তা, সৃজনশীলতা ও নেতৃত্বের চর্চায় শিক্ষার্থীদের এগিয়ে নিতে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় একের পর এক সৃষ্টিশীল উদ্যোগ বাস্তবায়ন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিদুয়ানুল ইসলাম। এরই ধারাবাহিকতায় ‘জ্ঞানে-যুক্তিতে, স্বপ্নে-সাহসে আগামী’ স্লোগানকে সামনে রেখে শুরু হয়েছে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’।

আয়োজকদের মতে, এ উৎসবের লক্ষ্য শুধু প্রতিযোগিতায় জয়-পরাজয় নির্ধারণ নয়; বরং যুক্তিনির্ভর চিন্তা, আত্মবিশ্বাসী উপস্থাপনা, পরমতসহিষ্ণুতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করা। ব্যতিক্রমী এ উদ্যোগকে ঘিরে ইতোমধ্যে কর্ণফুলীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সৃষ্টি হয়েছে নতুন উদ্দীপনা।

গত সোমবার (৫ অক্টোবর) কর্ণফুলী উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী বিতর্ক কর্মশালার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এতে উপজেলার ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচিত শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধিসহ ১৮০ জন অংশ নেন।

আয়োজকরা জানান, ‘কর্ণফুলী বিতর্ক উৎসব’ শুধুমাত্র একটি প্রতিযোগিতামূলক আয়োজন নয়; এটি শিক্ষার্থীদের চিন্তার পরিধি আরও বিস্তৃত করার একটি সৃষ্টিশীল প্ল্যাটফর্ম। যুক্তি দিয়ে চিন্তা করা, তথ্য-উপাত্তের ভিত্তিতে মত প্রকাশ এবং ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমে এখান থেকেই আগামী দিনের আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নেতৃত্ব তৈরি হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর