নাটোরের নলডাঙ্গা উপজেলার শাখাড়িপাড়া এলাকায় মাদক সেবনের দায়ে দুই যুবককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১১ অক্টোবর ২০২৬) বিকেল ৫টার দিকে উপজেলার শাখাড়িপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শাখাড়িপাড়া গ্রামের মো. কামরুল ইসলামের ছেলে মো. সাব্বির হোসেন (২৪) এবং একই গ্রামের মৃত ওবায়েদের ছেলে মো. রাজু আহমেদ (২৮)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় তাঁদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানকালে নলডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসান মাহমুদ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন বলেন, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস