শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

আওয়ামী লীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে: হুইপ দুলু

নাটোর প্রতিনিধি
  • প্রকাশকালঃ শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

 

নাটোরে জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সরকার সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে নাটোর শহরের উত্তর পটুয়াপাড়ার ঝাউতলা মরিয়ম স্কুলে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

দুলু বলেন, কোনো দেশকে পিছিয়ে দিতে বা ধ্বংস করতে হলে প্রথমেই সেই দেশের শিক্ষাব্যবস্থাকে দুর্বল করে দিতে হয়। তাঁর অভিযোগ, আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে সেই কাজ করেছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে পরীক্ষার হলে শিক্ষার্থীরা সাদা খাতা জমা দিয়েও জিপিএ-৫ পেত বলে অভিযোগ রয়েছে। এমনকি সামান্য লিখেও গোল্ডেন জিপিএ-৫ পাওয়ার ঘটনা ঘটত বলে তিনি দাবি করেন। তাঁর ভাষ্য, তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শিক্ষাব্যবস্থার এ ধরনের অনিয়ম ও খামখেয়ালিপনা বন্ধ করা হয়েছে। এখন পড়াশোনা না করে কেউ পাস করতে পারবে না।

শিক্ষাকে বিএনপি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে হুইপ বলেন, গত অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে সর্বাধিক অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। শিক্ষা জাতির মেরুদণ্ড, আর শিক্ষার কোনো বিকল্প নেই।

দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রসঙ্গে দুলু বলেন, বিএনপি সরকার শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করতে চায় এবং সন্ত্রাস ও অরাজকতায় বিশ্বাস করে না। তাঁর অভিযোগ, একটি মহল প্রতিবেশী দেশে বসে নানা অজুহাতে বাংলাদেশকে অস্থিতিশীল করে ফায়দা নেওয়ার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বাংলাদেশে হিন্দু, মুসলিম, খ্রিষ্টান ও বৌদ্ধসহ বিভিন্ন ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে মিলেমিশে বসবাস করছেন। সবাই নিজ নিজ ধর্মীয় উৎসব ও ঐতিহ্য পালন করেন। দেশে ধর্মীয় বিদ্বেষের পরিবেশ তৈরি হতে দেওয়া যাবে না। প্রত্যেক ধর্মের মানুষ যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ঐতিহ্য পালন করতে পারেন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

মরিয়ম স্কুলের প্রধান শিক্ষক সিস্টার শিল্পী পেরেরা আরএনডিএমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আন্না মিনজ, পটুয়াপাড়ার সেন্ট ফাব্রিস ডায়ালগ সেন্টারের পরিচালক ফাদার দীনো যাকোমিন্নেল্লী পিমে, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম এবং এমদাদুল হক আল মামুন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর