বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

নাটোর রেলস্টেশনে জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

নাটোর প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

নাটোর রেলস্টেশনের যাত্রী বিশ্রামাগার থেকে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার উইবারের ল্যাপটপ, ক্যামেরা ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ একটি ব্যাগ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনি নাটোর সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বগুড়ার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে বুধবার দুপুরে সান্তাহার রেলস্টেশন থেকে নাটোরের উদ্দেশে পঞ্চগড় থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে ওঠেন ক্রিল ল্যান্ডার উইবার। বিকেলে তিনি নাটোর রেলস্টেশনে নামেন। সেখান থেকে অন্য একটি ট্রেনে ভারতের উদ্দেশে দর্শনা স্টেশনে যাওয়ার কথা ছিল তার।

নাটোর রেলস্টেশনের যাত্রী বিশ্রামাগারে অবস্থানকালে এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে ওই যুবক কৌশলে ক্রিল ল্যান্ডারের ব্যাগ নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ করেন তিনি। ব্যাগটিতে একটি ল্যাপটপ, ক্যামেরা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল।

পরে অনেক খোঁজাখুঁজি করেও ব্যাগটি না পেয়ে স্টেশনেই কান্নায় ভেঙে পড়েন জার্মান এই পর্যটক। বিষয়টি তিনি রেলওয়ে কর্তৃপক্ষকে জানান। পরে নাটোর রেলস্টেশন কর্তৃপক্ষ সান্তাহার রেলওয়ে থানাকে বিষয়টি অবহিত করে এবং তাকে নাটোর সদর থানায় যাওয়ার পরামর্শ দেয়।

এরপর ক্রিল ল্যান্ডার উইবার নাটোর সদর থানায় গিয়ে পুলিশের সহযোগিতা চান এবং লিখিত অভিযোগ দেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান বলেন, ‘বিষয়টি জিআরপি পুলিশের। যেহেতু তিনি বিদেশি নাগরিক, সে ক্ষেত্রে বিষয়টি আমরা তথ্যপ্রযুক্তির সহায়তায় জিনিসপত্র উদ্ধারের চেষ্টা করছি। থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।’

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর