সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

রাজারহাটে সংযোগ সড়ক ছাড়াই কালভার্ট, কাজে আসছে না ২৮ লাখের অবকাঠামো

কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মানুষের চলাচলের সুবিধার জন্য নির্মাণ করা হয়েছে একটি কালভার্ট। তবে নির্মাণকাজ শেষ হলেও সংযোগ সড়ক তৈরি না হওয়ায় সেটি এখনো স্থানীয়দের কোনো কাজে আসছে না। সরকারি অর্থ ব্যয় করে অবকাঠামো নির্মাণ হলেও এতে কমেনি মানুষের দুর্ভোগ।

২০২৩-২৪ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অনুমোদিত একটি প্রকল্পের আওতায় রাজারহাট উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়কে ১৫ মিটার দৈর্ঘ্যের নয়টি কালভার্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। প্রকল্প অনুমোদনের পর তিন অর্থবছর পেরিয়ে গেলেও এর একটি কালভার্টের সংযোগ সড়কের কাজ শেষ হয়নি। ফলে কালভার্টটি অনেকটা অকার্যকর অবস্থায় পড়ে রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কালভার্ট নির্মাণের আগে ও পরে সংযোগ সড়ক নির্মাণের বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন ছিল। কিন্তু কালভার্ট নির্মাণ শেষ হলেও সংযোগ সড়ক না হওয়ায় দুই পাশের রাস্তার সঙ্গে কার্যকর যোগাযোগ তৈরি হয়নি। বর্ষা মৌসুমে পানি ও কাদার কারণে এ পথে মানুষের চলাচলের দুর্ভোগ আরও বেড়ে যায়।

প্রকল্পের নথি অনুযায়ী, রাজারহাট উপজেলার রাজারহাট ইউনিয়নের নাটুয়া মহল এলাকার পরেশের বাড়ির পাশে কালভার্টটি নির্মাণের জন্য ২০২৩-২৪ অর্থবছরে ২৮ লাখ ২৬ হাজার ৫৮২ টাকা বরাদ্দ দেওয়া হয়। কালভার্টটির নির্মাণকাজ শেষ হলেও সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় স্থানীয়রা এর কাঙ্ক্ষিত সুফল পাচ্ছেন না। সরকারি অর্থে নির্মিত অবকাঠামোটি পুরোপুরি ব্যবহার উপযোগী করতে এখনো সড়কের কাজ বাকি রয়েছে।

রাজারহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, সংযোগ সড়কের কাজ শেষ হওয়ার আগেই প্রকল্পের বরাদ্দের ২৬ লাখ ২৯ হাজার টাকা ছাড় করা হয়েছে। যা মোট বরাদ্দের প্রায় ৯৩ শতাংশ। তবে পুরো অর্থ ছাড় করা হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৩-২৪ অর্থবছরে প্রকল্পটি অনুমোদন পাওয়ার পর এর আওতায় নয়টি কালভার্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে আটটির নির্মাণকাজ শেষ হয়েছে। তবে নাটুয়া মহল এলাকার কালভার্টটির সংযোগ সড়ক এখনো নির্মাণ করা হয়নি।

স্থানীয়দের প্রশ্ন, একটি কালভার্ট নির্মাণের পর সেটির দুই পাশে সংযোগ সড়ক না থাকলে সরকারি অর্থ ব্যয় করে ওই অবকাঠামো নির্মাণের সুফল মানুষ কীভাবে পাবে? দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করে কালভার্টটি চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন তারা।

প্রকল্পটির ঠিকাদার মো. নূর আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে সংযোগ সড়কের কাজ বিলম্বিত হওয়ার কারণ সম্পর্কে ঠিকাদারের বক্তব্য জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে রাজারহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আসাদুজ্জামান বলেন, ‘পানি থাকার কারণে কাজটি শেষ হয়নি। তবে খুব শিগগিরই কাজটি শুরু করা হবে।’

অর্থ ছাড়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘অর্থ ছাড় করা হয়েছে। তবে সম্পূর্ণ অর্থ ছাড় করা হয়নি।’

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর