নাটোরের শিক্ষার্থী পারভেজ মোশারফ পেলেন ‘প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড’
নাটোরের লালপুর উপজেলার সালামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ মোশারফ বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ জাতীয় স্বীকৃতি ‘প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন। তার এই অর্জনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
দীর্ঘদিন ধরে স্কাউটিং কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ, শৃঙ্খলা, নেতৃত্বগুণ এবং সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে দক্ষতার স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মানজনক পুরস্কার অর্জন করেন। বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ এ স্বীকৃতি অর্জনের মাধ্যমে পারভেজ মোশারফ নিজের পাশাপাশি সালামপুর উচ্চ বিদ্যালয় ও লালপুর উপজেলার জন্যও গৌরব বয়ে এনেছেন।
নিজের অনুভূতি জানিয়ে পারভেজ মোশারফ বলেন, এ অর্জন তার জীবনের অন্যতম বড় প্রাপ্তি। স্কাউটিং থেকে পাওয়া শৃঙ্খলা, সততা ও মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা ভবিষ্যৎ জীবনেও কাজে লাগবে বলে জানান তিনি।
তিনি বলেন, দীর্ঘ পথচলায় যারা তাকে সাহস, সহযোগিতা ও উৎসাহ দিয়েছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞ। ভবিষ্যতেও স্কাউটিং কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন সমাজসেবামূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখতে চান তিনি।
সালামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, পারভেজ মোশারফের এ অর্জন বিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের। সে সবসময় শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা ও নেতৃত্বগুণের পরিচয় দিয়েছে। ভবিষ্যতে সে আরও সাফল্য অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এই বাংলা/এমএস