শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

লন্ডনে সরোয়ার আলমগীর এমপির সঙ্গে প্রবাসীদের মতবিনিময়, কালুরঘাট সেতুর কাজ দ্রুত দৃশ্যমান করার দাবি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশকালঃ শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

যুক্তরাজ্যে সফররত চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে মতবিনিময় সভা করেছে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১০টায় পূর্ব লন্ডনের ‘আড্ডা ঘর’ রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। এতে লন্ডনে বসবাসরত চট্টগ্রামের প্রবাসী এবং বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মোহাম্মদ হাসান। পরে সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথি সরোয়ার আলমগীরকে ফুল দিয়ে শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়।

গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকের আহ্বায়ক ব্যারিস্টার আবুল মনছুর মোহাম্মাদ শাহজাহানের সভাপতিত্বে এবং মাসুদুর রহমানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও ট্রাস্টি চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন।

স্বাগত বক্তব্যে ব্যারিস্টার মনোয়ার হোসেন প্রবাসীদের কল্যাণে সংগঠনের বিভিন্ন কার্যক্রম এবং চট্টগ্রামবাসীর বিভিন্ন প্রত্যাশার কথা তুলে ধরেন। তিনি দেশে অবস্থানকালে বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে প্রবাসীদের সম্মান, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

এ সময় তিনি নতুন কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত দৃশ্যমান করার লক্ষ্যে চট্টগ্রামের সংসদ সদস্যদের সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে সরোয়ার আলমগীর বলেন, প্রবাসীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। দেশে যাতায়াতের সময় কোনো প্রবাসী যাতে হয়রানির শিকার না হন এবং যথাযথ সম্মান পান, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।

কালুরঘাট সেতু প্রসঙ্গে তিনি সেতুর নির্মাণকাজ দ্রুত দৃশ্যমান করার জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি চট্টগ্রামের উন্নয়ন কর্মকাণ্ডে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করার কথা বলেন তিনি।

সভায় আরও বক্তব্য দেন সংগঠনের ট্রাস্টি শওকত মাহমুদ টিপু, ট্রাস্টি মোহাম্মদ আলী রেজা, কার্যনির্বাহী কমিটির সদস্য সুজন বড়ুয়া, মাওলানা সায়েদ মোহাম্মদ ইমরান, মাওলানা জোনায়েদ সোবহান, রাজনীতিবিদ মোহাম্মদ মোন্না খালেক, মোহাম্মদ ওমর গনি, কলম একাডেমি লন্ডনের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল হাবিবী, এইচঅ্যান্ডএইচ গ্লোবাল এডুকেশনের পরিচালক শুভন হাসান, মোহাম্মদ তানভীর, মোহাম্মদ আব্দুল হালিম, মোহাম্মদ জিয়াদ্দিন বাবলু, সায়েদ এ এম সাইফুল ইসলাম, সাজসোয়েদ রফিকুল ইসলাম, ফয়েজুর রহমান ও মোহাম্মদ সিফাতসহ অনেকে।

সভাপতির বক্তব্যে ব্যারিস্টার আবুল মনছুর মোহাম্মাদ শাহজাহান অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সরোয়ার আলমগীরকে ধন্যবাদ জানান। একই সঙ্গে চট্টগ্রামের উন্নয়নে তার সহযোগিতা কামনা করেন তিনি।

পরে অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথি ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর