চট্টগ্রাম থেকে বাঁশখালী, পেকুয়া, মগনামা ও বদরখালী হয়ে মহেশখালী রুটে যাত্রী পরিবহনে যুক্ত হয়েছে নতুন এসি বাস সার্ভিস ‘এস আর স্পেশাল’। আধুনিক সুবিধাসম্পন্ন ও আরামদায়ক এই বাস সার্ভিসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ১১টায় চট্টগ্রামের নতুন চান্দগাঁও থানা এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বাস সার্ভিসটির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন মারুফুল হক চৌধুরী (মারুফ)। তিনি জানান, চট্টগ্রাম থেকে বাঁশখালী হয়ে পেকুয়া, মগনামা ও বদরখালী পেরিয়ে মহেশখালী পর্যন্ত চলাচল করবে ‘এস আর স্পেশাল’। এ রুটে যাত্রীদের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।
মারুফুল হক চৌধুরী বলেন, বাসটি বাঁশখালীর ওপর দিয়ে চলাচল করায় এ এলাকার বাসিন্দারাও পেকুয়া ও মহেশখালীর যাত্রীদের মতো একই ভাড়ায় আধুনিক ও আরামদায়ক পরিবহনসেবা পাবেন।
চট্টগ্রাম–বাঁশখালী–পেকুয়া সড়ক চার লেনে উন্নীত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। তাঁর মতে, সড়কটি চার লেনে উন্নীত করা গেলে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে। পাশাপাশি পুরো এলাকাকে আরও উন্নত পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার সুযোগ তৈরি হবে।
বাসের চালক ও হেলপারদের উদ্দেশে যাত্রীসেবার বিষয়ে তিনি বলেন, যাত্রীদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। কোনো যাত্রী যেন হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসআর পরিবহনের চেয়ারম্যান দেলোয়ার হোসেন বাচ্ছু, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আনোয়ার হোসেন, পরিচালক মো. ইদ্রিস, মো. শহিদুল্লাহ লিটন, মো. আবদুস শুক্কুর, নাছির উদ্দীন, মো. আমিন ও মো. রেজাউল খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং পরিবহন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
নতুন এই বাস সার্ভিস চালুর ফলে চট্টগ্রাম ও দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এলাকার মানুষের যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এই বাংলা/এমএস