শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

শ্রমিকের সমস্যা যেখানে, শ্রমিক কল্যাণ ফেডারেশন সেখানে: কেন্দ্রীয় সভাপতি

পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশকালঃ শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, শ্রমিকদের অধিকার ও ন্যায্য পাওনা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন। মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকদের জন্য বেতন কাঠামো নির্ধারণ এবং শ্রমিক ছাঁটাই বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টায় পিরোজপুর শহরের করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলা শাখার আয়োজনে ‘দায়িত্বশীল সমাবেশ-২৬’ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আতিকুর রহমান।

তিনি বলেন, দেশের শ্রমিকরা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন। মুদ্রাস্ফীতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় শ্রমজীবী মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রভাবও বাজারে পড়ছে বলে মন্তব্য করেন তিনি।

আতিকুর রহমান বলেন, বিভিন্ন মিল-কারখানা বন্ধ হয়ে যাওয়ায় অনেক শ্রমিক কর্মহীন হয়ে পড়ছেন। তাঁর দাবি, গত সাত মাসে হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়েছেন। শ্রমিক ছাঁটাই মেনে নেওয়া হবে না বলেও তিনি জানান।

জুলাই আন্দোলনে শ্রমিকদের অংশগ্রহণের প্রসঙ্গ তুলে ধরে তিনি দাবি করেন, ওই আন্দোলনে প্রায় ৩০০ শ্রমিক শাহাদাতবরণ করেছেন। দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে শ্রমিকদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, যারা বিভিন্ন সংকটে দেশের পাশে দাঁড়িয়েছেন, তাদের মানবেতর জীবনযাপন মেনে নেওয়া যায় না।

কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, রাষ্ট্রীয় অব্যবস্থাপনার কারণে কোনো শ্রমিক যেন কর্মক্ষেত্রে প্রাণ না হারান, তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। শ্রমিক নির্যাতন বন্ধের পাশাপাশি কর্মপরিবেশ নিরাপদ করার ওপরও গুরুত্ব দেন তিনি।

বিভিন্ন দেশে শ্রমিক আন্দোলন ও ট্রেড ইউনিয়নভিত্তিক রাজনীতির মাধ্যমে ক্ষমতার পরিবর্তনের উদাহরণ তুলে ধরে আতিকুর রহমান বলেন, এসব পরিবর্তনের পরও সব ক্ষেত্রে শ্রমিকদের প্রত্যাশিত ভাগ্যোন্নয়ন হয়নি। তাঁর মতে, বিদ্যমান ব্যবস্থার মাধ্যমে শ্রমিকদের সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।

ইসলামী শ্রমনীতির কথা উল্লেখ করে তিনি বলেন, এ ব্যবস্থায় মালিক ও শ্রমিক উভয়কেই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। তাঁর দাবি, ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের প্রকৃত মুক্তি সম্ভব।

দেশের পোশাকশ্রমিকদের প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৪০ লাখ পোশাকশ্রমিক রয়েছেন। কিন্তু তাদের জীবনমানের কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। বিপরীতে অনেক মালিকের ব্যবসা সম্প্রসারিত হচ্ছে। শ্রমিকরা বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন এবং তাদের সন্তানদের উচ্চশিক্ষার সুযোগও সীমিত বলে তিনি মন্তব্য করেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি হারুনুর রশিদ, অঞ্চল সহকারী আব্দুর রব, পিরোজপুর জেলা শাখার উপদেষ্টা মো. জহিরুল হক ও আব্দুর রাজ্জাক শেখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলা শাখার সভাপতি খন্দকার ছিদ্দিকুল ইসলাম। জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ জামাল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর