‘লেনদেন হবে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের মিরসরাইয়ে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেন শুরু করেছে পূবালী ব্যাংক পিএলসি নিজামপুর শাখা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নিজামপুর শাখা প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। শাখা ব্যবস্থাপক গাজী আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন পূবালী ব্যাংক বড়তাকিয়া শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মাইন উদ্দীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পূবালী ব্যাংক বারইয়ারহাট শাখার ব্যবস্থাপক ফারুক হোসেন, পূবালী ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের এডিসি কর্মকর্তা মাহফুজ আলম, ব্যবসায়ী আবুল কালাম আজাদ আফলাতুন ও কামরুল হোসেন। এ সময় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের গ্রাহকরাও উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ক্যাশলেস লেনদেনের সুবিধা এবং ডিজিটাল ব্যাংকিং সেবা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিশেষ করে প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে নগদবিহীন লেনদেনের সুবিধা পৌঁছে দেওয়া কর্মসূচিটির অন্যতম প্রধান উদ্দেশ্য।
কর্মসূচির উদ্বোধন উপলক্ষে ফিতা কাটা হয়। পরে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ মাইন উদ্দীন বলেন, ক্যাশলেস ও ডিজিটাল ব্যাংকিং সেবার মাধ্যমে দেশের পাশাপাশি প্রবাসী পরিবারের সদস্য এবং সাধারণ গ্রাহকরাও ২৪ ঘণ্টা বিভিন্ন ব্যাংকিং সুবিধা নিতে পারবেন।
তিনি বলেন, এর ফলে মানুষের সময় ও খরচ দুটোই সাশ্রয় হবে। একই সঙ্গে নগদ অর্থ সঙ্গে বহনের ঝুঁকিও কমে আসবে।
এই বাংলা/এমএস