ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের কোদালিয়া গ্রামের প্রায় ৩০০ ফুট দীর্ঘ একটি মাটির রাস্তা দীর্ঘ তিন যুগেও পাকা বা সংস্কার হয়নি। বর্ষা এলেই রাস্তাটি কাদায় পরিণত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কোদালিয়া বোর্ড অফিসের পাকা সড়ক থেকে ফয়সাল সাংবাদিকের বাড়ি হয়ে ঠাকুরবাড়ি মসজিদ পর্যন্ত বিস্তৃত এই মাটির রাস্তাটি আশপাশের প্রায় ১০টি পরিবারের মানুষের চলাচলের অন্যতম পথ। পাশাপাশি স্থানীয় মুসল্লিরাও নামাজ আদায়ের জন্য এ রাস্তা ব্যবহার করে ঠাকুরবাড়ি মসজিদে যাতায়াত করেন।
সরেজমিনে দেখা যায়, বৃষ্টির সময় রাস্তাটিতে পানি জমে কাদামাটির সৃষ্টি হয়। এতে পায়ে হেঁটে চলাচল করাও কঠিন হয়ে পড়ে। শিশু ও বয়স্কদের পাশাপাশি মসজিদে যাতায়াতকারী মুসল্লিদেরও এ সময় চরম ভোগান্তিতে পড়তে হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় ৩০ বছর ধরে বিভিন্ন সময়ে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে আসছেন তারা। চেয়ারম্যান-মেম্বারসহ অনেকেই রাস্তা সংস্কারের আশ্বাস দিলেও এখন পর্যন্ত স্থায়ী কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
এলাকাবাসীর দাবি, দ্রুত রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করা হোক। তাদের মতে, রাস্তাটি সংস্কার হলে আশপাশের প্রায় ১০টি পরিবারের পাশাপাশি ঠাকুরবাড়ি মসজিদে যাতায়াতকারী মুসল্লিদের দীর্ঘদিনের দুর্ভোগও কমবে।
এদিকে স্থানীয় সমাজসেবক সাইফুর রহমান মহল্লাবাসীকে রাস্তাটি সংস্কারের বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি জানান, রাস্তাটি সংস্কারের জন্য ব্যক্তিগতভাবে উদ্যোগ নেওয়ার পাশাপাশি সরকারি পর্যায় থেকেও প্রয়োজনীয় কাজ করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন।
দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে দ্রুত রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।
এই বাংলা/এমএস