ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন। তিনি হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতির দায়িত্বেও রয়েছেন। তাঁর সঙ্গে ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ উপস্থিত ছিলেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান। এ সময় প্রতিমন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগ, মেডিসিন ওয়ার্ড, শিশু ওয়ার্ডসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের চিকিৎসাসেবার খোঁজখবর নেন।
সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের স্থানও পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি হাসপাতালের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেন।
পরিদর্শনকালে হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী, ডা. পারভেজ শামস, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসির উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মানুষের জন্য গুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্র। চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে সরকার কাজ করছে। রোগীদের যাতে ভোগান্তিতে পড়তে না হয়, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
অগ্নিকাণ্ডের বিষয়ে তিনি বলেন, ঘটনাটি দুঃখজনক। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে আধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও বিকল্প সিঁড়ির ব্যবস্থা করা হবে।
এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, হাসপাতালের সার্বিক উন্নয়নে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের রোগীদের সেবায় আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
এই বাংলা/এমএস