টাঙ্গাইলের নাগরপুর সদর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, এতে নগদ অর্থ ও মালামালসহ প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বাজারের কলেজ রোড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মিতু ফ্যাশন, জারিন ফ্যাশন ও এভরি ডে ফ্যাশন নামে তিনটি দোকান পুড়ে যায়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, আগুন লাগার খবর পেয়ে নাগরপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় বাজারের ব্যবসায়ী ও পুলিশ সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো রাত ৯টার দিকে তারা দোকান বন্ধ করে বাড়ি চলে যান। বাড়িতে পৌঁছানোর পর মোবাইল ফোনে দোকানে আগুন লাগার খবর পেয়ে দ্রুত বাজারে ফিরে আসেন। পরে দেখতে পান ফায়ার সার্ভিস, ব্যবসায়ী ও পুলিশ সদস্যরা আগুন নেভানোর চেষ্টা করছেন।
ক্ষতিগ্রস্ত তিন দোকানি জানান, আগুনে দোকানের মালামাল ও নগদ অর্থ পুড়ে গেছে। তাদের প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকা।
নাগরপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার অনয় কুমার ঘোষ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পর্যাপ্ত পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়। আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে বিষয়েও পুলিশ সতর্ক ছিল।
নাগরপুর বাজার বণিক সমিতির সভাপতি আক্তারুজ্জামান বকুল বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনি তাৎক্ষণিক ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে বিষয়টি জানান। ফায়ার সার্ভিস, ব্যবসায়ী ও পুলিশের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নাগরপুর-দেলদুয়ার আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলুর প্রতিনিধি ও উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সহসাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন মুসা, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জিহাদ হোসেন ডিপটি, বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ মো. রাজিব আহম্মেদ, সদস্য তোফাজ্জল হোসেন তুহিন, সাবেক সহসাধারণ সম্পাদক মো. ছায়েদ আলী স্বাধীনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এই বাংলা/এমএস