চট্টগ্রামের কর্ণফুলীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের চার আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে স্বজনরা জানিয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) দিনগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলার শিকলবাহা চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কক্সবাজারের ঈদগাঁও এলাকার নিয়াজ মোর্শেদ (২২), তাঁর ছোট বোন মিমতাহ (১৭), তাঁদের মামা মো. ফেরদৌস আলম (৫৫) এবং মাইক্রোবাসচালক মো. মুন্না।
কর্ণফুলী থানা পুলিশ ও নিহতদের স্বজনরা জানান, শনিবার চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার একটি কমিউনিটি সেন্টারে মিমতাহর বড় বোনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে পরিবারের সদস্য ও নিকটাত্মীয়রা একটি মাইক্রোবাসে করে কক্সবাজারের ঈদগাঁওয়ের উদ্দেশে রওনা হন।
পথে রাত দেড়টার দিকে মাইক্রোবাসটি শিকলবাহা চৌমুহনী এলাকায় ইউটার্ন নেওয়ার সময় একটি কাভার্ডভ্যান সেটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই ফেরদৌস আলম ও মিমতাহ নিহত হন।
গুরুতর আহত অবস্থায় অন্যদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক নিয়াজ মোর্শেদ ও মাইক্রোবাসচালক মো. মুন্নাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে স্বজনরা জানিয়েছেন।
স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
কর্ণফুলী থানা সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে এর চালক ও সহকারী পালিয়ে গেছেন। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এই বাংলা/এমএস