মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

ডিমলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

ডিমলা (নীলফামারি) প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

‘সাক্ষরতা অর্জন করি, উন্নত জীবন গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালিটি বের হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রইসুল আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ডিমলা উপজেলা কর্মকর্তা (অঃ দাঃ) রকিবুল ইসলাম। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, একটি জ্ঞানভিত্তিক, সচেতন ও উন্নত সমাজ বিনির্মাণে সাক্ষরতার বিকল্প নেই। বর্তমান সময়ে সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে পারার মধ্যে সীমাবদ্ধ নয়। জনগোষ্ঠীকে শিক্ষার মূলধারায় নিয়ে আসতে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। শিক্ষার প্রসার ঘটলে বাল্যবিবাহ, মাদক, কুসংস্কারসহ নানা সামাজিক সমস্যা মোকাবিলা করা সহজ হবে।

সভায় ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়মুখী করা, প্রাপ্তবয়স্কদের সাক্ষরতার আওতায় আনা এবং শিক্ষা থেকে বঞ্চিত জনগোষ্ঠীর জন্য কার্যকর কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর