ময়মনসিংহের তারাকান্দায় ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার হ্যান্ডবল, কাবাডি, সাঁতার ও দাবা ইভেন্টের চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলার তালদিঘী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম নাজমুস ছালেহীন। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল আলম।
প্রতিযোগিতায় হ্যান্ডবল ও কাবাডিতে শিক্ষার্থীরা দলীয় সমন্বয় ও কৌশল প্রদর্শন করে। পাশাপাশি সাঁতার ও দাবা প্রতিযোগিতায় শিক্ষার্থীরা ব্যক্তিগত দক্ষতা ও নৈপুণ্য তুলে ধরে।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আমিনুল ইসলাম বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায়ও মনোযোগী হতে হবে। প্রতিযোগিতামূলক খেলাধুলা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করে।
বিশেষ অতিথি এস এম নাজমুস ছালেহীন বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও সৌহার্দ্য বাড়ায়। একই সঙ্গে জয়-পরাজয়কে ইতিবাচকভাবে গ্রহণের মানসিকতা তৈরি করে।
সভাপতির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল আলম বলেন, জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ তৈরির প্রাথমিক ক্ষেত্র শিক্ষাপ্রতিষ্ঠান। উপজেলা পর্যায়ের এসব প্রতিযোগিতার মধ্য দিয়েই ভবিষ্যতের প্রতিভাবান খেলোয়াড়রা উঠে আসবে। শিক্ষার্থীদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব রয়েছে।
দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড় এবং বিভিন্ন ইভেন্টে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ক্রীড়া শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস