মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সংঘর্ষে আটক ৩, অস্ত্র উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের সংঘর্ষ ও অস্ত্র প্রদর্শনের ঘটনায় তিনজনকে আটক করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। এ সময় বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ও একটি একনলা কাটা বন্দুক উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গত ১ সেপ্টেম্বর বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আসলাম চৌধুরী এবং বিএনপি নেতা কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন দুই পক্ষের পৃথক জনসমাবেশকে কেন্দ্র করে সকাল ১১টার দিকে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এ সময় কয়েকজনের হাতে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র প্রদর্শনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঘটনার পর জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে চট্টগ্রাম জেলা পুলিশ। এর ধারাবাহিকতায় সাদেক (২৯), কামরুল (৩৯) ও হানিফ (৩৪) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আগেও বিভিন্ন মামলা রয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্য এবং তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে সীতাকুণ্ড থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১টি ধারালো ছুরি, তিনটি কিরিচ, একটি দা ও ১৫টি লাঠি উদ্ধার করা হয়। পরে একটি দেশীয় তৈরি একনলা কাটা বন্দুকও উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অবৈধ অস্ত্রের প্রদর্শনের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তির রাজনৈতিক পরিচয় বা কোনো পক্ষের সঙ্গে সম্পৃক্ততা বিবেচনায় না নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ আরও জানায়, ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর