রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

নাটোরে অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, জরিমানা

স্টাফ রিপোর্টার, নাটোর
  • প্রকাশকালঃ রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুল বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে এক মুদি দোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা অবৈধ সিরাপ জনসম্মুখে ধ্বংস করা হয়।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পাটুল বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে আলম স্টোর নামের একটি মুদিখানা দোকানে অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় দোকানের সংশ্লিষ্ট ব্যক্তি মো. আশরাফুল ইসলাম (৩৫), পিতা মো. আলম কবির, সাং হাপানিয়া, নলডাঙ্গা, নাটোরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানে জব্দ করা অবৈধ সিরাপ ঘটনাস্থলেই জনসম্মুখে ধ্বংস করা হয়।

নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অভিযানের নিরাপত্তায় নলডাঙ্গা থানা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন বলেন, ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করা এবং অবৈধ ও মেয়াদোত্তীর্ণ পণ্যের বিক্রি বন্ধে এ ধরনের মোবাইল কোর্ট ও বাজার তদারকি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার পাশাপাশি ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর