রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

পঞ্চগড়ে আধুনিক প্রযুক্তিতে ধান চাষে কৃষকদের প্রশিক্ষণ

পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ জ্ঞান কাজে লাগিয়ে ধানের উৎপাদন বাড়াতে পঞ্চগড়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) স্যাটেলাইট স্টেশন, পঞ্চগড়ের উদ্যোগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার কামাত কাজলদিঘি ইউনিয়নের ঘাটিয়ার পাড়া গ্রামে আধুনিক ধান উৎপাদন প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে অংশ নেওয়া কৃষকদের ধানের উন্নত জাত নির্বাচন, মানসম্মত চারা উৎপাদন, সঠিক সময়ে রোপণ, সুষম সার ব্যবস্থাপনা, সেচ ও পানি ব্যবস্থাপনা এবং উৎপাদন বৃদ্ধির বিভিন্ন আধুনিক প্রযুক্তি সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হয়।

এলএসটিডি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা-৩ শাখার উপসচিব মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা-৩ শাখার গবেষণা অনুসন্ধানী মোহাম্মদ শফিকুল আলম, পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল মতিন এবং ব্রি স্যাটেলাইট স্টেশন, পঞ্চগড়ের বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান মো. মাসুদ রানা।

এর আগে অতিথিরা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) স্যাটেলাইট স্টেশন, পঞ্চগড়ে স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন (এলএসটিডি) প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রযুক্তি গ্রাম ও কৃষক প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শনকালে স্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন অতিথিরা। এতে পঞ্চগড় অঞ্চলের কৃষির সম্ভাবনা, ধান উৎপাদনের বিদ্যমান সমস্যা ও সম্ভাব্য সমাধান, স্থানীয় কৃষি-জলবায়ু ও মাটির বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ধানের জাত নির্বাচন এবং আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।

অতিথিরা চলমান গবেষণা ও প্রদর্শনী কার্যক্রম, আধুনিক ধান উৎপাদন প্রযুক্তির ব্যবহার এবং মাঠপর্যায়ে গবেষণালব্ধ প্রযুক্তির প্রয়োগ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় প্রযুক্তি গ্রামের বিভিন্ন কার্যক্রম, কৃষকদের অংশগ্রহণ এবং মাঠপর্যায়ে প্রযুক্তি ব্যবহারের বাস্তব চিত্র সম্পর্কে তারা অবহিত হন।

পরে এলএসটিডি প্রকল্পের অর্থায়নে আয়োজিত কৃষক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন অতিথিরা। সেখানে কৃষকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করে তাদের অভিজ্ঞতা, সমস্যা, প্রয়োজন ও প্রত্যাশার কথা শোনেন তারা।

মতবিনিময়ে কৃষকরা উৎপাদন ব্যয়, সেচ ও পানি ব্যবস্থাপনা, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং স্থানীয় কৃষি ব্যবস্থাপনার বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন।

কর্মশালায় ব্রি স্যাটেলাইট স্টেশনের কর্মকর্তা-কর্মচারী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও প্রযুক্তি গ্রামের কৃষকরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর