চলনবিলের পরিবেশ সুরক্ষা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং দূষণ রোধে ডাস্টবিন সরবরাহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নাটোরের সিংড়া উপজেলার পেট্রোল বাংলা পয়েন্টের নৌকাঘাটে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় ডাস্টবিন বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজল সরকারসহ স্থানীয়রা।
ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, চলনবিল বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জলাভূমি। এর জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় প্লাস্টিকসহ বিভিন্ন ধরনের বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা জরুরি। চলনবিল এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধে জনসচেতনতা সৃষ্টি এবং নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার অভ্যাস গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, চলনবিলের পরিবেশ রক্ষায় স্থানীয় বাসিন্দা, পর্যটক ও নৌযান ব্যবহারকারীদের সচেতনভাবে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
এই বাংলা/এমএস