বাগেরহাটের মোরেলগঞ্জে মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে দুই সহোদর কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার শৌলখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—শৌলখালী গ্রামের মনিরঞ্জন বাছাড়ের ছেলে বিধান বাছাড় (৫৫) ও মানিক বাছাড় (৪০)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে দুই ভাই উপজেলার মহিষপুরা পুলিশ ক্যাম্পের পাশের মাঠে নিজেদের জমিতে কৃষিকাজ করছিলেন। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে হঠাৎ বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে ঘটনাস্থলেই দুই ভাই গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও ততক্ষণে দুজনেরই মৃত্যু হয়।
মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাঠের খোলা জায়গায় কাজ করার সময় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
দুই সহোদরের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শৌলখালী গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবারের পরিবেশ।
স্থানীয় বিএনপি নেতা মেহেদী হাসান ইয়াদ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি পরিবারের পাশে থাকার এবং সরকারি সহায়তা পাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ জানান, ঘটনার খবর পাওয়ার পর জেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। ঘটনাস্থলে প্রশাসনের প্রতিনিধি পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের জন্য প্রাথমিক আর্থিক সহায়তার প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে।
স্থানীয়রা জানান, কৃষকেরা প্রায়ই বৈরী আবহাওয়ার মধ্যে খোলা মাঠে কাজ করেন। বজ্রপাতের ঝুঁকি থেকে কৃষকদের সুরক্ষায় মাঠপর্যায়ে সচেতনতা বাড়ানো এবং আগাম সতর্কবার্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
এই বাংলা/এমএস